কষ্ট
------ মোঃ রুহুল আমীন ।
কষ্ট কি লাল নীল কালো,
নাকি বর্ণচোরা ?
কিংবা বিবর্ণ রংধনু ?
ব্যথিত হৃদের বিক্ষত আবেগ,
নাকি বিন্দু বিন্দু রক্তক্ষরণ
অদৃশ্য বক্ষ পাঁজরে ?
নাকি আরও বড় প্রত্যক্ষ কিছু,
যেমন লোহিত সাগর ?
কষ্ট কি শুধু না পাওয়ায় ?
না দেওয়ায় কি কষ্ট নেই ?
কিংবা দিতে না পারায় ?
কষ্ট কি শুধুই মনের ?
চোখের নয় ?
কেন তবে দু'নয়নে অশ্রুর প্লাবন
যখন কাঁদে মন ?
কষ্ট কি বিবাগী বিষন্ন মেঘের
বৃন্তচ্যুত বৃষ্টি ফোঁটা ফোঁটা,
নাকি বিধবার নীরদবরন চোখে
সংগোপনে তপ্তাশ্রুর অঝোর বর্ষণ ?
কষ্টের ব্যপ্তি কি আসমুদ্রহিমাচল,
নাকি আরও বড় ?
কষ্ট কি অতল সুনীল জলধি,
নাকি নীলিমা নিঃসীম ?
কষ্ট কি তরল বায়বীয়,
নাকি জীবনের প্রস্তরকঠিন
নির্মম বাস্তবতা ?
---*----
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



