এবার থামুন
------------- মোঃ রুহুল আমীন ।
আর কত রক্ত চাই ?
আর কত লাশ ?
পলি-উর্বর এই বাংলা যে আজ
উর্বর মাত্রাধিক
রক্ত আর লাশের জৈবসারে ।
সেদিনের এই সোনাফলা জমি
আজ নষ্টনীতির সজীব বীজতলা,
নীতিহীন রাজনীতির বিস্তর চারণভূমি,
দুর্নীতির আখড়া, খামারবাড়ি ;
গুম আর হত্যাকারীর অভয়াশ্রম ।
স্বাধীন এই দেশে আজ
সাধারণ মানুষেরা পরাধীন,
পরগাছায় আচ্ছাদিত মহীরুহ ,
সুশাসন বিক্ষত বুলেট-ব্যাটনে,
প্রয়োগ-বারিত আধিকার বেকার ,
ক্ষমতার দম্ভ চির অদমিত,
বিবেকের অনুরোধ উপরোধ
উপেক্ষিত,
সংযম সংলাপ পরিহার্য্য যেন
সংঘাতের অনুকূলে !
শাসক শোষক আর প্রতারক
আবির্ভূত আজ অভিন্ন লেবাসে,
তাদের শিরোপরে নৃত্য করে
বিত্তের বিভাসা ;
অসহায় শুধু গণমানুষেরা-
কোণঠাসা,
স্বপ্ন বিবর্ণ তাদের,
নিষ্প্রভ সব প্রত্যাশা প্রাপ্তির ।
___*___
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



