মনের ধরণটাই এমন
হঠাৎ-ই করে কেমন কেমন।
বসে আছি একা একা
ভাবছি শুধুই
নেই তার লেখা-জোখা।
আজ মন মন্দ,
হারিয়েছি ছন্দ;
বাহিরে বহিছে মাতাল সমীরণ
ঝাপসা আলোয় মৃদুমন্দ।
ভেবেছিলাম লিখিব একখানি কবিতা
পিছুটান এসে থামিয়ে দিল আমার বার্তা।
একটু এগিয়ে দেখি
‘তুই কবি হবি?’ বলে বিদ্রূপ করে
আমার ভেতর আমি।
মন আমার উচাটন
না বুঝি কিসের লক্ষণ?
কোথায় গেল সব ছন্দ?
কলমের মুখটি কেন আজ বন্ধ?
কবিতা, তোমায় দেব নাকি ছুটি?
আজ থেকে তবে বন্ধ হোক
মনের রুজি-রুটি!
ভাসা ভাসা ভালবাসা
ভেসে যায় বাতাসে।
উড়ে এসে জুড়ে বসে
ভাবনার মাঝে সে।
উড়োচিঠির উড়োখবর
মেঘদরিয়ায় ভেসে আসে।
কোন সে সুদূর হতে শুনিয়াছি তব কণ্ঠ!
হে সুমন্দ ভাষিণী,
সেই কণ্ঠ কেন মোরে করিল উৎকণ্ঠ?
অকুণ্ঠ প্রেম-ভাবে ডুবিয়াছি আকণ্ঠ,
উতরিব কেমনে; কিবা যাব বৈকুণ্ঠ?
পতঙ্গ মন আজ হইয়াছে বিহঙ্গ
সুড়ঙ্গ ভঙ্গ করি আচরি হাওয়ার তরঙ্গ।
তৃষ্ণার্ত অঙ্গ মোর
চায় সঙ্গ তোর।
দেখিয়া যাক বঙ্গ, আজ মোদের প্রেম-রঙ্গ।
অগোছালো কথা, ছন্দে ছন্দে গাঁথা
এই তো, এই তো আমার কবিতা!
রুদ্ধ বাতায়ন ভেঙ্গে আসে বাতাসের ঝাপটা।
বাতাসে আজ উড়িয়ে দেব আমার মনের আশ
হতাশ হবে হতাশা, নিরাশা হবে নিরাশ।
একি অমৃতরস কাব্যে করিনু আস্বাদ,
ঝলসানো রুটি যেন পূর্ণিমার চাঁদ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




