এক।
হারিয়ে ফেলার ভয়
গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় চারদিক চেয়ে দেখি
এই শূন্যতায় কোথাও কেউ নেই জেগে আছি একাকী।
সাতপাঁচ ভেবে কোন লাভ নেই শুয়ে থাকি পাশ ফিরে
তোমার গর্ভে আমার আশংকা বেড়ে ওঠে ধীরে ধীরে।
তোমাকে যতটুকুই পেয়েছি তার হিসেব করতে গিয়ে
দেখি প্রাপ্তির ঘরে কিছু নেই পূর্ণ হয়ে আছে ভুল দিয়ে।
তোমার স্পর্শে জন্ম নেয়া শব্দেরা বড় হয়ে ঘুমঘোরে
শংকার কবিতা এখানেও আওয়াজ তুলে জোরেশোরে।
সবকিছু মিলে আমার ভেতরেও এমন কেন মনে হয়
তোমাকে পাওয়ার আগেই কেবল হারিয়ে ফেলার ভয়।
ফিমা, মিরপুর
২২ জানুয়ারি, ২০১৮
দুই।
তোমাকে চেনা যায়
বুকের বাম পকেটে আঘাত জমা হয়ে প্রতিদিন
নিজের অজান্তেই বেড়েছে অনেক খেলাপি ঋণ।
ইচ্ছার আগুনে পুড়ে যাওয়া মনে তবু জাগে বোধ
কবিতার প্রকাশেই হতে পারে এ ঋণ পরিশোধ।
জানি, মন খারাপের কালে কবিতা লিখতে নেই
তবু আবেগের ঢেউ প্রবোধ মানছেনা কিছুতেই।
কলমের কালিতে অঝোরে দুঃখ বেরিয়ে আসে
মন খারাপেরা বাঁধাহীন ছড়িয়ে পড়ে চারপাশে।
আমার কবিতায় কষ্টগুলো এভাবে বেঁধেছে ঘর
উপরে নীরবতায় ঝড় বয়ে যায় গহনের ভেতর।
কষ্ট ছড়ানোর ঝুকিঁ কেউ কী সহজে নিতে চায়!
মন খারাপের কষ্টের কালে তোমাকে চেনা যায়।
ফিমা, মিরপুর
২৩ জানুয়ারি ২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



