হুমায়ূন আহমেদের শোকগাঁথা লিখব ভাবিনি কখনো। কোন এক অলস দুপুরে হিমু নামের এক অদ্ভুত মায়াবী চরিত্রের যুবকের সাথে পরিচয় হয় আর সেই সূত্রে পরিচয় হয় হুমায়ূন আহমেদের সাথেও। বয়সটা বোধহয় তখন বইটা বোঝার মত পরিণত দূরে থাক ধারেকাছেও ছিল না। তবুও কিভাবে যেন এক অদ্ভুত মায়ার টানে জড়িয়ে গেলাম। সেই শুরু, এরপর হুমায়ূন আহমেদের খুব কম বইই আমার মিস হয়েছে। যেখানেই পেতাম গোগ্রাসে গিলতাম আবার উগরেও দিতাম কেননা এরপরই যে আরও নতুন একটা গিলব!!!অনেকের ভাষায় ফালতু এ লেখকের অর্থহীন লেখাগুলো পড়ে যে কত কেঁদেছি তার ইয়ত্তা নেই।খুব হিংসে হত মাঝে মাঝে, ইস...এই ব্যাটা এত ভাল লিখে কি করে? আমি তো পারি না! বেশ কিছুদিন আগে হঠাৎ শুনলাম হুমায়ূন আহমেদ ক্যান্সার আক্রান্ত। মনটা খুব খারাপ হয়েছিল কিন্তু পরক্ষণেই ভেবেছিলাম উনি এত বড় লেখক, টাকা পয়সার নিশ্চয়ই কমতি নেই, চিকিৎসা ও করবেন বিদেশে ...উনার কিচ্ছু হবে না। ভুলটা ভেঙ্গেছিল যখন শুনলাম এত বড় লেখকও স্লোয়ান -ক্যাটারিং সেন্টার এর চিকিৎসা খরচ বহন করতে পারছেন না, চ্যানেল আই থেকে ধার নিচ্ছেন। শেষদিকে তো অপেক্ষাকৃত কম ব্যয়বহুল বেলভিউ হাসপাতালেই ভর্তি হন। আর গতকাল তো একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম যখন শুনলাম হুমায়ূন আহমেদ আর নেই,ভালই হল
...ফালতু লেখকটা আর অর্থহীন লেখা দিয়ে তার সমালোচকদের কষ্ট বাড়াবে না। কিন্তু আমার মত হুমায়ূন ভক্তদের হয়ত কষ্টের সীমা থাকবে না। আর হয়ত কোনদিন বইমেলা এলেই হুমায়ূন আহমেদের বই পড়ার জন্য মনটা আকুলি -বিকুলিও করবে না। কিন্তু এতদিন ধরে সযত্নে ভালবেসে আসা হিমু, মিসির আলি,রূপা, শুভ্র, মুহিব,মাহফুজ,চিত্রা,অপলা, বাদল, খালু, মাজেদা খালা ইত্যাদি চরিত্রগুলোর আবেদন আমার কাছে একটুও কমবে না। বেড়েই যাবে ...ক্রমাগত। ভাল থাকবেন হুমায়ূন আহমেদ,অনেক ভাল। আর আপনাকে বলি, আপনার অভ্যাসটা আর ভাল হল না, এতদিন লেখা দিয়ে কাঁদিয়েছেন আর এখন আপনার জন্য কাঁদাবেন। আপনি ভাববেন না আপনি মারা গেছেন, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আমার মত কোটি কোটি ভক্ত এখনও আছে। আপনার সৃষ্টির মাঝেই আপনি বেঁচে থাকবেন অনন্তকাল।আর আমরাও আপনাকে খুঁজে বেড়াব আপনার রেখে যাওয়া সৃষ্টিগুলোতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

