
-হোসাইন মোঃ সায়েম
এই শহর-এই মানুষ-এই পথ,
প্রতিদিন সূর্যটা ওঠে ওই একই আকাশে,
আলো ঢেলে দেয় শহরটাতে, মানুষগুলো ঘুরে বেড়ায়
সেই পথে পথেই, ছুটতে ছুটতেই ব্যস্ত হয়ে পড়ে,
চরম ব্যস্ত; কর্মব্যস্ত দিনের শেষে শহরের
এই মানুষেরা এই পথেই ফেরার পথ ধরে,
শহরটা তোমার আমার প্রাণের শহর ঢাকা
তবু সত্যি বলতে কোনোদিন স্বপ্নালু চোখে
চিরচেনা এ শহরটাই হয়তো হয়নি দেখা!
এই শহর-এই মানুষ-এই পথ,
প্রতিদিন সূর্যটা ওঠে এ শহরের ঐ পথের ধারে,
সন্ধ্যায় ফিরে যায় ওইতো পথের ওপাশে, টুপ করে নিচে পড়ে যায়
তারপর অন্ধকার, নীরবতা, বাড়ি ফিরে যায় স্বপ্নেরা...
আবার আগামীর ভোরে ফের জড়ো হতে থাকে তন্দ্রাভাঙা স্বপ্নেরা,
ঝিমুনিতে নেতিয়ে পড়া নিদ্রিত কল্পনারা জেগে ওঠে আবার!
বিজয় সরণি, প্রজন্ম চত্বরের কোলাহল-যানজট ঠেলে
বেরিয়ে পুরান ঢাকা নতুন ঢাকা একাকার করে ফেলে!
এই শহরের এই পথেই স্বপ্ন বেঁচে খায় সব মানুষেরা,
এই পথ ধরেই বাড়ি ফিরে যায় জীবন-দিশেহারা,
জীবন-হাটের দোকানী-খদ্দের সবাই ফেরে
এই শহরের এই চেনা পথ ধরে,
শুধু স্বপ্ন বেঁচে খাওয়া কবিদের হয়না ফেরা,
হয়না ফেরা কোনোদিন এই পথ ধরে এ শহর ছেড়ে...
-১১ মার্চ ২০১৪ ই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




