A Series of Unfortunate Events সিরিজের বই তেরটা। লিমোনি স্নিকেট ছদ্মনামে লিখেছেন আমেরিকান লেখক ড্যানিয়েল হ্যান্ডলার। আমি বলব প্রথম বই The Bad Beginning নিয়ে।
ব্যাড বিগিনিং সোজা কথায় শিশুতোষ উপন্যাস। না, উপন্যাস বললে ভুল হবে-উপন্যাসিকা, আকারে বেশি বড় না। কাহিনির শুরুতেই লেখক সতর্ক করে দিয়েছেন যে এই কাহিনি দু:খের, দুর্ভাগ্যের। কেউ যদি 'হ্যাপি এন্ডিং' বা 'হ্যাপি বিগিনিং' আশা করেন, তাহলে এই বই না পড়াই ভাল।
আমাদের গল্পের নায়ক-নায়িকা তিন ভাইবোন-ভায়োলেট, ক্লাউস আর সানি বুডেলেয়ার, দুর্ভাগ্য যাদের নিত্য সঙ্গী। বড় বোন ভায়োলেটের আগ্রহ যন্ত্রপাতিতে। সারাক্ষণ ওর মাথায় খেলতে থাকে নতুন কী যন্ত্র বানানো যায়। ক্লাউসের আগ্রহ বই পড়ায়। আর সবার ছোট সানি ভালবাসে কামড়াতে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সানির আছে ধারালো দাঁত। ছোট হলেও শক্ত কিছু ছাড়া নরম খাবার খায় না ও।
কাহিনির শুরুতেই আগুনে পুড়ে মারা যান বুডেলেয়ার-দের মা-বাবা। ভস্মীভূত হয় ওদের আবাস। চোখের পলকে মিলিয়ে যায় ওদের হাসিখুশি পরিবার, অনিশ্চিত হয়ে পড়ে ভবিষ্যৎ। আর এ তো সবে দুর্ভাগ্যের শুরু।
মৃত মা-বাবার ইচ্ছানুযায়ী, ওদের দায়িত্ব পড়ে এক দূর সম্পর্কের আত্মীয় কাউন্ট ওলাফের ওপর। কিন্তু তার অসৎ উদ্দেশ্য বুঝতে দেরি হয় না তিন ভাইবোনের। বুডেলেয়ারদের পারিবারিক সম্পত্তির ওপর নজর পড়েছে কাউন্ট ওলাফের। আর তা দখল করতে খুন করতেও হাত কাঁপবে না তার! নদী থেকে যেন অথৈ সাগরে এসে পড়ল অসহায় তিন ভাইবোন। কে বাঁচাবে ওদের এই বিপদ থেকে?
বইটা পড়ে বেশ ভাল লেগেছে। 'আনফরচুনেট' কাহিনি দিয়ে ভর্তি হলে হিউমারও আছে অনেক। বিশেষ করে সানি চরিত্রটা অনেক মজার। ছোটদের জন্য লেখা হলেও বড়রাও পড়ে আনন্দ পাবেন নি:সন্দেহে। আবার কষ্টও পাবেন বুডেলেয়ারদের প্রতি ভাগ্যের এমন বিরুপ আচরণ দেখে। তিন ভাইবোনের দুর্ভাগ্যের সঙ্গী হতে চাইলে আপনিও বসে পড়তে পারেন আ সিরিজ অফ আনফরচুনেট ইভেন্টস নিয়ে। তবে সাবধান, সুখকর কিছু আশা করবেন না যেন!

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



