আগ্রা, ১৩ সেপ্টেম্বর: পর্যটকদের পদভারে এবং কালের করালগ্রাসে টলমল করছে পৃথিবীতে মানুষের তৈরি সপ্তম আশ্চর্যগুলোর একটি এবং মুগল সম্রাট শাহজাহানের অনবদ্য সৃষ্টি তাজমহল। সম্প্রতি এক আসমীক্ষায় দেখা গেছে, মূল অবস্থান থেকে সামান্য হলেও বিচ্যুত হয়েছে তাজমহলের মিনার।তাই মূল কাঠামোটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
অবশ্য তাজমহলের এই পরিণতির জন্য বিশেষজ্ঞরা মূলত পর্যটকদেরই দায়ি করছেন। তারা বলছেন পর্যটকদের পায়ের চাপেই মূলত এর জন্য দায়ি। সেই সঙ্গে পর্যটকদের হাতের ঘষা, নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইডও তাজের ক্ষতি করছে বলে দেখা গিয়েছে।তাজকে বাঁচাতে তাই অবিলম্বে মার্বেলের কাঠামোর উপরে পর্যটকদের ওঠা বন্ধ করতে চাইছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)।
জানা যায়, তাজমহলে পর্যটকদের ভিড় রুখতে প্রথম পদক্ষেপ করা হয়েছিল ১৯৯৩ সালে।সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সেই প্রথম সপ্তাহে এক দিন তাজমহল বন্ধ রাখার পরামর্শ দেয়।কিন্তু সেটাই যথেষ্ট নয় বলে এখন মনে করছে এএসআই।
এএসআই’র পক্ষ থেকে সম্প্রতি ‘সার্ভে অফ ইন্ডিয়া’কে দায়িত্ব দেয়া হয়েছিল, তাজমহলের মূল কাঠামোর জিওডেটিক (ভূত্বক) সমীক্ষা করার। এই জাতীয় সমীক্ষা এবং মানচিত্র তৈরির কাজ এই কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং সংস্থাই করে থাকে।
এএসআই’র রিপোর্টে বলা হয়েছে, তাজমহলের চার কোণে যে চারটি মিনার রয়েছে সেগুলি তাদের নিজেদের অবস্থান থেকে কিছুটা হেলে গিয়েছে। কতটা হেলে গিয়েছে, সেটা এখনই প্রকাশ করা হয়নি। তবে এ বার থেকে প্রতি বছর জিপিএস প্রযুক্তির মাধ্যমে তাজের বিভিন্ন অংশের সরণ ঘটছে কি না, পরীক্ষা করে দেখার পরামর্শ দেয়া হয়েছে এএসআই-কে।
তাজমহলের ওপর প্রথম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয় ১৯৪১ সালে। তখনই দেখা গিয়েছিল, তাজের চারটি মিনারের মধ্যে তিনটি মিনার ৩.৭ থেকে ১১.৪ সেন্টিমিটার হেলে রয়েছে। আর দক্ষিণ প্রান্তের মিনারটি প্রায় ২১.৬ সেন্টিমিটার হেলে রয়েছে। রিপোর্টে বলা হয়েছিল, দু’টি কারণে মিনারগুলি হেলে থাকতে পারে। প্রথমত ওই মিনারগুলি তৈরির সময়েই কিছুটা কাত করে নির্মাণ করা হয়ে থাকতে পারে। তবে অনেকের মতে ভূমিকম্প হলে মিনারগুলি যাতে কোনও অবস্থাতেই মূল কাঠামোর উপর না পড়ে, সেই জন্যই বাইরের দিকে কাত করে তৈরি করা হয়েছিল সেগুলি।দ্বিতীয়ত এলাকাটি যমুনা সংলগ্ন হওয়ায় ভূমিক্ষয়ের কারণে মিনারগুলি হেলে পড়ে থাকতে পারে।
একটি বেসরকারি রিপোর্টেও একই ধরনের সাক্ষ্য মিলছে। বলা হচ্ছে, শাহজাহান ও মমতাজের সমাধিটি যেখানে রয়েছে, সেই মেঝের উত্তর দিকের অংশটি দক্ষিণ দিকের অংশের থেকে এক ইঞ্চি ঢালু। মুঘল স্থাপত্য বিশেষজ্ঞ ও রাজস্থান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আর নাথও বলেছেন, সম্ভবত মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়াতেই এই ঢাল তৈরি হয়েছে।
এ বিষয়ে এএসআই বলছে , তাজমহলের মূল কাঠামোটিকে দৃঢ় করার জন্য সে সময়কার স্থপতিরা যথাসম্ভব নির্ভুল প্রযুক্তির সাহায্যই নিয়েছিলেন। মার্বেলের ওজন ধরে রাখার জন্য একাধিক স্তম্ভ, ধনুকাকৃতি ছাদ বা খিলান ব্যবহার করা হয়েছিল। কিন্তু প্রতি দিন প্রায় সহস্রাধিক মানুষ এই সৌধ দেখতে আসবেন, স্বাভাবিক ভাবেই এটা তাদের চিন্তায় ছিল না।
জানা যায়, এখন সাধারণ দিনে ২৫ থেকে ৩০ হাজার পর্যটক আসেন তাজমহল দেখতে। শীতকালে সংখ্যাটি বেড়ে ৫০ থেকে ৬০ হাজার হয়ে দাঁড়ায়। গত দু’-তিনটি উৎসবের মৌসুমে এএসআই দেখেছে প্রতি দিন লক্ষাধিক মানুষ ভিড় জমিয়েছেন তাজ দর্শনে। সংস্থার মতে, এক লক্ষ পর্যটকদের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যটক কোনও এক সময়ে তাজের মূল চত্বরে উপস্থিত থাকেন।
ভবিষ্যতে হয়তো এই চবুতরার সামনে থেকেই তাজ দর্শন করতে হবে। শুধু পায়ের চাপই নয়। এএসআইয়ের এক কর্তার কথায়, “লক্ষ করলে দেখা যাবে, ক্রমাগত হাতের ঘষায় বিভিন্ন স্থানে মার্বেলের কিনারাগুলি মসৃণ হয়ে গিয়েছে। জানলার জালিগুলিও নোংরা হয়ে পড়ছে। হারাচ্ছে সূক্ষ্মতা।”
এছাড়া এক শ্রেণীর পর্যটকের মধ্যে সাদা মার্বেলে পেন দিয়ে নিজেদের নাম লিখে যাওয়ার প্রবণতা রয়েছে। এমনকি পরিশ্রান্ত দর্শকেরা তাজের পিছন দিকে চাতালে যে অংশগুলিতে বসেন, সেটিও আজ ক্ষয়িষ্ণু।
বর্তমানে মার্বেলের সিঁড়ি কাঠের ধাপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গর্ভগৃহের ভিতরে কবরের চারপাশে যে সূক্ষ্ম জালির কাজ রয়েছে, সেগুলির চারপাশে কাঠের ব্যারিকেড তৈরি করে দেয়া আছে। কিন্তু তাতেও সুরাহা হয়নি। কারণ যে বিপুল সংখ্যক মানুষ ওই গর্ভগৃহে প্রবেশ করেন, তাদের শ্বাসপ্রশ্বাসের সঙ্গে নির্গত কার্বন ডাই অক্সাইড ও মার্বেলের বিক্রিয়া ঘটছে। সুতরাং তাজকে বাঁচাতে হলে কড়া সিদ্ধান্ত নিতেই হবে বলে মনে করছে এএসআই।
এখন যেখানে জুতো ছেড়ে পর্যটকেরা তাজের মূল চত্বরে ওঠেন, অদূর ভবিষ্যতে সেখান থেকেই বিশ্বের সপ্তম আশ্চর্যটিকে দেখার প্রস্তাব দিতে চলেছে এএসআই। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজ’র অন্যতম শীর্ষ কর্তা এ জি কৃষ্ণ মেনন। তিনি বলেন, “পর্যটকেরাই তাজমহলের বিপদের কারণ। তাই এই ধরনের সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায় তত ভালো।”
গ্রিস, স্পেন বা কম্বোডিয়ার মতো বহু দেশ অনেক আগেই এই ধরনের পদক্ষেপ করেছে। গ্রিসের পার্থেনন ও অ্যাক্রোপলিস-সহ সমস্ত মন্দির বাইরে থেকে দর্শন করতে হয়। কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরে উপরের অংশে পর্যটকদের যেতে দেওয়া হয় না। স্পেনের আলতামিরা গুহাচিত্র দেখার ক্ষেত্রেও বাধানিষেধ রয়েছে পর্যটকদের জন্য। ইতালিতে পিসার হেলানো মিনারেও বেশ কিছু দিন পর্যটক ওঠা বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে অবশ্য পর্যটকরা আবার উপরে ওঠার সুযোগ পাচ্ছেন।
সূত্র: বার্তা২৪ ডেস্ক
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


