সময় বয়ে চলে, দেরী নাই আর
ঐ রাক্ষসেরা আসছে, সবই খেয়ে নেবে নিঃশেষে!
আমাকে নিয়ে চলো সেই মানুষটির কাছে
সেই যে কৈশোরে বসে ছিলাম পথের ধারে, ক্ষেতের আ'লে দেখছিলাম
দুরের ডোবায় সারসের ঝাঁক আর শালিকের উড়া-উড়ি। সেই মানুষটি
পাশ কেটে যেতে যেতে বলেছিল, "ভাইডা কি সারস দেহেন, ঐ দিকে যাইয়া বসেন, দেখবেন আরও সৌন্দর্য্য।" ঐ মাটির মানুষটাকে একটু খুঁজে দাও না!
সময় যে বয়ে চলে, দেরী নাই আর
ঐ যে অসুরেরা আসছে, সবই খেয়ে নেবে নিঃশেষে !
আমাকে নিয়ে চলো সেই মানুষটির কাছে
সেই যে শৈশবে পথ হারিয়ে অন্য পাড়ায় যেয়ে চোখের জলে ইতিউতি।
সেই মানুষটি পাশে এসে বড্ড আদরে শুধিয়েছিল, "কোন্ পাড়ার ছেলে গো তুমি, পথ হারিয়েছো?" দাওনা ঐ মানুষটাকে খুঁজে!
সময় যে দ্রুত বয়ে চলে, দেরী নাই আর
ঐ যে ধেয়ে আসছে পঙ্গপাল, সবই খেয়ে নেবে নিঃশেষে!
আমাকে নিয়ে চলো সেই মানুষটির কাছে
সেই যে কৈশরে আকাশ কালো করা ঝরের বিকেলে গ্রামের পথে উদ্ভ্রান্ত। সেই চাষা মানুষটি দুর থেকে চিৎকারে বলেছিল, "ও ভাইডা, জল্দি এইখানে আহেন, তুফান আইলো বইলা।" তিনি বড় সযতনে আমাকে আশ্রয়ে রেখেছিলেন। একবার নিয়ে চলো আমাকে সেই চাষা মানুষটির কাছে।
সময় দ্রুত বয়ে চলে, দেরী নাই আর
ঐ যে কারা যেন আসছে, সবই খেয়ে নেবে নিঃশেষে!
বড্ড পোড়া গন্ধ চারিদিক, অদ্ভুত এক আকাল!
আমাকে নিয়ে চলো ঐ মানুষগুলোর কাছে।
আমি মানুষের কাছে যেতে চাই!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



