এমনটি কথা ছিল না একেবারেই,
সবই ছিল ঠিক ঠাক, সুন্দর একটি সকাল।
বরং বলা যায় আরও বেশি সুন্দর অন্য সকালগুলোর চেয়ে।
আমি কম্পিউটার অন্ করেই আমার ডাকঘর খুলে বসেছি (কম্পিউটারের বাংলা কি আমি জানিনা)।
চায়ের কাপে ধোঁয়া উঠছে, ঠোট লাগাই নি তখনো।
ডাকবাক্স খুলেই দেখি তোমার “শুভ সকাল” দিয়ে শুরু করা দু’টো লাইন।
কিছু কিছু ভাল-লাগা আছে হঠাৎ এসে গেলে খুব বেশি করে ভাল লেগে যায়।
তেমনি ভাল-লাগার সকালটা তুমিই আমায় দিয়েছিলে, না চাইতেই।
আমিও সুখের পতাকা উড়িয়ে কি এক সুখের অনুভূতির ভিতর নিজেকে বাড়ন্ত করে দিই...
এমন সকাল আসেনি তো বহুদিন!
তোমার ঐ দু’টি লাইন আমাকে বসিয়ে রাখে অনেকক্ষন শীতের রদ্দুরে ওম্ নেবার মতো।
আমি ভাবতে থাকি হঠাৎ উড়ো হাওয়ায় দোল খাওয়া পাখির মতো, কি লিখি তোমায়?
শেষে আমার ভাল লাগা প্রকাশ করতে যেয়ে একটু কাব্য করে ফেললাম। লিখলাম তোমাকে
সকালটা কেমন অসম্ভব সুন্দর হয়ে উঠেছিল,
ছিল না কোন শুন্যতা, না ছিল কোথাও রুদ্র হাওয়ার অসহিষ্ণু চলাচল।
উষ্ণতা ছিল বরং পাখির নরোম বুকের মত।......
মাত্র চারটি লাইনেই শেষ করেছিলাম, ব্যস্, আর তো কিছু নয়!
কিন্তু কেন যে কি হয়ে গেল, তুমি সহসা সব কিছু বন্ধ করে দিলে।
কি হলো তোমার! এলোমেলো কি একটা লাইন (সে কি ক্ষোভ, না কি অনুশোচনা!) লিখে তুমি হঠাৎ
হারিয়ে গেলে কোথায়, অধরা হয়ে গেলে।
কিছু বুঝে উঠবার আগেই আমি দেখতে পেলাম কত সহজেই আমার
সবকিছু ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছে। যে আলোয় আমি ফোঁটাবো কোরক
সে আলো নিভে যায় দিন নেভার আগেই। সময়ের সঙ্গে আমি উদ্ভ্রান্ত হতে থাকি। আমার দু'চোখের কোণে বানভাসি জাগে।
আমার যত মিনতি, এমন কি মুঠোফোনের সকল প্রয়াস ব্যর্থ করে
তুমি আমায় শ্বাসরুদ্ধকর গহীনের অনন্তে ঠেলে দিলে।
এতো চটজলদি একটা ক্যানভাস তৈরী হয়ে যেতে পারে আমার ধারনায় ছিল না একেবারেই,
তুমিই তা করে দেখালে মেঘের রঙে হরিতের অদ্ভুত মিশেলে।
আমি বিধ্বস্ত হতে থাকি, তোমার সুনিপুণ অবহেলায় আমি মরে যেতে থাকি।
আমার বোধে আসে না কিছুই, এলেই যদি তবে কেন এভাবে সহসা ফিরে যাওয়া?
মরন যখন তোমারই হাতে, তবে তাই হোক...এই ভেবে ছেড়ে দিয়ে সব হাল
আমি তলিয়ে যেতে থাকি মৃত্যুকে আলিঙ্গন করবো বলে। ঠিক তখনই তুমি এলে,
আমায় হাত বাড়িয়ে টেনে তুললে অতলান্তিকের গহীন থেকে।
তুমি ফিরে এলে। তোমার সুনিপুণ চারটি লাইন আমাকে বাঁচিয়ে দিলো।
আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিই, আমি বেঁচে যাই।
তুমি ফিরে এসেছো নাকি শুধু আমার কবিতার জন্য। আঃ, কবিতা!
আমি আজও ভুলিনি আমার সেই শ্বাসরূদ্ধকর কয়েকটি ঘন্টা।
ভুলিনি তোমার রহস্যময় স্তব্ধতা, তোমার হঠাৎ চলে যাওয়া।
সহসা এসে তুমি মিশে গেছ রুধিরে, ছুঁয়ে ছুঁয়ে যাও আমায় প্রতি মূহুর্তে।
আজও চিনিনি, জানিনি তোমাকে, তবু আছ মিশে.... তুমি কে?
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


