কাদামাটির শখের পুতুল, ভাঙতে কতক্ষণ ?
কাঁচের শো-পিছ রেখেছ যত্নে, ভাঙতে কতক্ষণ ?
চাও যদি দাও ফেলে...ভেঙ্গেচুরে একাকার!
খেলতে খেলতে প্রেমের ঢেলা, ভাঙতে কতক্ষণ?
ফেলে রাখ নিথর, ক্ষয়ে ক্ষয়ে হবে ধুলোবালি।
আমি মানুষ... মানুষের জীবন অত সস্তা নয়,
যে জীবনের জন্ম গভীর উষ্ণতার আলিঙ্গনে, মহাপ্রলয়ে,
সুখাগ্নির উচ্ছাসে জলের ভিতর জলের উত্তাপে...
অঙ্কুরোদগম যার নরোম আধারে জলের ভিতর জলকেলিতে।
সে জীবন চাইলেই ভাঙ্গে না, ভাঙ্গে না তোমার ইচ্ছাতে।
আমি মানুষ, আমার দগ্ধ জলের রঙে একদিন রাঙাবো তোমায়,
আগুনের অলঙ্কার আমি নিশ্চিত পড়াবো তোমায়।
তোমার সকল রুদ্ররোষ, হে দানবী,
আমার আগুনে একদিন নেভাবো জেনো।
প্রেমাগ্নির তপ্ত জলের ধারায় জন্মে হয়েছি আমি মানুষ...
তোমার সাধ্য কি আমায় সংহার কর!
তোমার রোষের আগুনে আমি মরতে শিখিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




