আপনি, তুমি তুই নিয়ে ধন্দে পড়া নিয়ে আমি আগেও লিখেছিলাম। আমার মা’র কাছ থেকে শোনা কাহিনী দিয়ে শুরু করি। নানা’র সরকারী চাকরির সুবাদে বিভিন্ন শহরে পোস্টিং; ছুটি-ছাটায় যখন আম্মুরা অনেক ভাইবোন সহ ওনাদের দাদাবাড়িতে আসতেন, সেসময় একবার আমার মামা আমার নানা’কে বল্লেন “আব্বা, অন’র আম্মা তো বউত বেয়াদব, আঁরারে তুই গরি ডাকের!!” মানে হচ্ছে আমার মামা’র দাদী নাতি’কে “তুই” সম্বোধন করাতে মামা ভেবেছেন, দাদী বেয়াদব, তাই ওনার বাবা’র কাছে নালিশ দিয়েছেন।
বন্ধুত্বের ক্ষেত্রে আমি বেশিক্ষণ “তুমি” বলে চালাতে পারিনা। কখন যে মুখে “তুই” চলে আসে, সেটা নিজেই টের পাইনা। দেখা যায় আমার পরিচিত লোকদের মধ্যে হয় “আপনি” নাহয় “তুই” এমন করেই চালিয়ে নিচ্ছি।
আমার ভাইবোন আর বাচ্চাদের “তুমি” বলেই সম্বোধন করে থাকি। একদিন আমার মেয়ের সাথে গল্প করতে করতে দেখি সে আস্তে আস্তে গা-ঘেঁষে আহ্লাদি শুরু করেছে।
আমি বল্লাম “কি ব্যাপার? হঠাৎ কী হলো?”
মেয়ে বল্লো “তুমি যখন আমাকে ‘তুই’ করে বলো, তখন আমি বুঝে যাই এখন তুমি আমাকে আদর করবে!”
সেই মেয়েই একদিন কাঁদো কাঁদো হয়ে বল্লো, “আম্মু তুমি এমন রাগী হয়ে কথা বলছো কেনো?”
আমি বল্লাম “রাগী হলাম কোথায়?”
মেয়ের উত্তর “এই যে তুমি আমাকে আপনি-আপনি করে বলছো!”
আমি না-হেসে পারলাম না। বাস্তবিক মাঝে মাঝে ওদেরকে ব্যঙ্গ করে আমি ‘আপনি’ বলেই সম্বোধন করে থাকি।
আমরা ছোট থাকতে কিভাবে বুঝতাম আম্মু রেগে গিয়েছে? রেগে গেলে আমার আম্মু চাটগাঁইয়া ভাষাতেই কথা বলতো। এত স্পীডে কথা বলতো, আমি মোটামুটি ভয়ে কাঁপতাম!
যেবার বিবাহবন্ধনে আবদ্ধ হলাম, এই সম্বোধনের বিপাকে পড়লাম আবার। বন্ধুকে বিয়ের আগে পর্যন্ত তুই-তোকারি করেছি। পরে বন্ধু’র মা যখন খালাম্মা থেকে আম্মা হয়ে গেলেন, তিনি আমার এই তুই-তোকারিতে জোর আপত্তি জানালেন। আপত্তির মান রাখতে গিয়ে কিছুদিন ইংরেজী ভাষার আশ্রয় নেওয়া লাগলো, পরে নেমে গেলাম তুই থেকে কাঠখোট্টা তুমি-তে।
সত্যি, আমার যত আপত্তি এই ‘তুমি’ সম্বোধনটা নিয়েই। ‘আপনি’ বলতে বেশ ভালই লাগে, বেশ ভাবয্ আছে এই সম্বোধনে। তুই-এর মধ্যে বেশ একটা দাবীর টান আছে কিন্তু। কিন্তু এই ‘মধ্যম’ তুমি-কে নিয়েই আমি পড়েছি বিপাকে।
‘আপনি’ নিশ্চিন্তে চলেন ‘তুই’ এর সাথে,
তিনি-ই ‘তুমি’, যিনি চলেন তফাতে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




