আমি বাংলাদেশ বলছি,
শুনতে পাচ্ছো তোমরা-
বাংলার তরুণ-তরুণী, বাংলার বুড়ো-বুড়ি,
আমি আর নিতে পারছি না,
প্রতিদিন বিশের উপরে লাশ,
সড়ক জুড়ে ।
.
আমি আর নিতে পারছি না,
পায়েল-মিম-রাজিবের লাশ,
নিতে পারছি না,
কিশোর ছাত্রের গলা চেপে ধরা,
নিতে পারছি না,
বুটের তলায় পিষ্ট কিশোর ছাত্র ।
.
এমনি অনেক অনাচার-অত্যাচার,
ঘুষ-দুর্নীতি,
সাতচল্লিশ বছর ধরে চলছে,
আমি আর নিতে পারছি না,
এই বয়সেই আমার হয়েছে-
উচ্চরক্তচাপ, ডায়বেটিস ।
.
আমাকে তোমরা অকালেই মেরে ফেলনা,
আমি বাঁচতে চাই,
আমি বাঁচতে চাই,
.
.
সুস্থ দেহে অনেক কাল ।
.
বাংলার তরুণ-তরুণী, বাংলার বুড়ো-বুড়ি,
তোমরা শুনতে পাওনি আমার
আর্তনাদ,
শুনতে পেয়েছে-
বাংলার শিশু-কিশোর ।
.
ওরা স্কুল ছেড়ে নেমে এসেছে
রাজপথে,
মায়েরাও বলেছে,
ফিরবি না আর ঘরে,
সড়ক নিরাপদ না করে ।
.
সাতচল্লিশ বছর ধরে দেখিনি যা,
এখন দেখছি তা,
সড়কগুলো কেমন সুশৃঙ্খল,
ইমারজেন্সী লেইন দিয়ে যাচ্ছে
এ্যাম্বুলেন্স ।
.
ওরা শিশু-কিশোর ছাত্র,
কাল বাদ পরশু,
ফিরবে স্কুল চত্বরে,
ওহে আমার তরুণ-তরুণী,
ওহে আমার বুড়ো-বুড়ি,
পারবে কী রাখতে,
ওদের দুদিনের কীর্তিগাথা?
পারবে কী দূর করে দিতে,
আমার উচ্চরক্তচাপ, ডায়বেটিস?
নাকি অপেক্ষায় থাকবো,
কবে ওরা বড় হবে,
দেশের হাল ধরবে?
..
মো: শামছুল ইসলাম
৩ আগষ্ট ২০১৮
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


