আহ্! কী এক বিস্ময় সাগর তোমার চোখে-
অকান্ত নাবিক আমি হাত্রে ফিরি কূলের সীমানা
ঢেউ ভাঙে, পাল ছেঁড়ে, তবুও ছাড়ি না হাল
এ আমি কীসের মোহে ছুটছি অনাদিকাল?
জোয়ারে ভিড়াও কূলে, ভাটায় গভীরে টানো
কেউ পায় প্রাণ, কেউ ডোবে অথই পাথারে
সাহসী নাবিক সাবধানে চলে, খোঁজে ধ্রুবতারা
চলার ঠিকানা তার হয় না কখনো হাতছাড়া।
তোমার চোখে দেখেছি বঙ্গোপসাগর-
অশান্ত জোয়ার এক, আদিগন্ত নীল
নাবিক এ মন থাকবে না ঘরে জেনো
ফেলবেই ফেলবে নোঙর অচেনা ছায়ায়।
কী বিস্ময় সাগর ডাগর চোখে খেলা করে-
অনন্ত আকাশ প্রেম, সুদূর প্রবাল দ্বীপ ভাসে।
আমিও বিস্ময় নাবিকের দৃষ্টি আঁকি চোখে
পথ চলি, নিশিদিন খুঁজি ঠিকানা তোমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

