[গাঢ়]নজরুল-আবদুল মান্নান সৈয়দ[/গাঢ়]
গভীর শীতের মধ্যে ঘটেছিলো তোমার উত্থান,
ডিসেম্বরে, রাত্রি জেগে, 'বিদ্রোহী' এভাবে এসেছিলো।
দুই মহাযুদ্ধের ভিতরে তুমি গেয়েছিলে গান
কামানের গর্জনের ঊর্দ্ধে। নিজে ছিলে এলোমেলো,
এলোমেলো করে দিয়েছিলে বাঙালির মর্চে-ধরা করুণ শৃঙ্খল।
ভূমিকম্পে উঠেছিলো নড়ে প্রাসাদের দীর্ঘ দৃঢ় থাম।
হয়েছিলো মানুষ জাগ্রত, ক্রুদ্ধ, ক্ষিপ্ত, আনন্দিত, মুগ্ধ, বিহ্বল।
ঘুচেছিলো শীতরাত্রির সিল্কের লেপের আরাম।
মাঘের রাত্রির তুমি অগি্নকুন্ড দীপ্ত হলদে-নীল,
দািরদ্র করেছিলো তোমাকে মহান,
আমাদের রাত্রিতে প্রকৃতির অদম্য তরুর মতো এক
উঠেছিলো সাবলীল,
আমাদের ভোরবেলায় তুমি মুয়জ্জিনের আজান,
দীর্ঘ মূক শীত জীবন কাটিয়ে শুয়ে শুয়ে মসজিদের পাশে
সহাস্যে দেখছো আজ নার্গিস, প্রমীলা, জাহানারা
ফুটে আছে তোমারই আকাশে।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



