বহ্নিধার দৃষ্টির গভীরে পুড়ে খাক আমাদের ভালোবাসা
সূর্যের দহনে নিভে গেছে স্বপ্নীল তারাদের বাতি
অমারাত অমারাত বলে ডেকে ওঠে নিশাচর পাখি
এ চোখে আসে না ঘুম নির্লিপ্ত চেয়ে থাকে আমারই ধ্যান।
সেই তার চোখের কাজলে ছেয়ে গেলো অন্ধকার
নিরাময় জ্যোৎস্নার আশায় খুঁজে ফিরি সেই মুখ
নিষ্পাপ শিশুর হাতের তালুতে তুলে দেই সুসিক্ত গোলাপ
সুর ও ধ্বনির কম্পোজে কাটিয়ে দেই সকাল বিকাল
এ চোখে আসে না ঘুম নির্ঘুম আঁধারে
জানালার শার্সি পথে ঢেউ খায় শুধু দৃশ্যের পাহাড়।
আমাদের কথারা কবে সুরের স্বরলিপি পাবে
অদেখার দীর্ঘ সৈকতে গজাবে নারকেল বন
সাগরের সুনীলে ভাসবে স্বপ্নের সাম্পান
ঘুম ঘুম জ্যোৎস্নার ছোঁয়াতে বাজবে তন্দ্রার সুর
সেই ধ্যান স্বপ্ন-বেহাগে আসে না ঘুম
নির্লিপ্ত চেয়ে যে থাকে ঘুমের আঁধার
এ চোখে আসে না ঘুম!
প্রকাশ: জুলাই, 1987
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


