রাত নেই, দিন নেই নিশ্চিত ঝড়ের মুখে ভাসিয়েছি তরী
স্রোতের উজান ঠেলে পাড়ি দিয়েছি ফেনিল বুক;
কূলে এসে দেখি, তুমি নেই
বালুচরে রেখে গেছো নিরাশার পদচিহ্ন।
পাঁজরে পদাঙ্ক রেখে আমি দগ্ধ বালুচর
মেলেছি প্রতীক্ষার নয়ন মেঘহীন নীলিমায়;
বেয়াড়া বাতাস তবু মানেনি বারণ
সর্পিল আক্রোশে উড়িয়েছে ধূলি, মুছেছে পায়ের কারুময় আলপনা।
হৃদয়ে পুষপিত বাগান গড়বো ব'লে প্রকৃতির নিকট গিয়েছি
শীতের রুক্ষতা প্রতিবারই ঝরিয়েছে সু-সবুজ পাতা
নিরলস দাহে শীর্ণ করেছে শাখার বিভা।
ঊষর ভূমিতে তবু করে গেছি জলের সিঞ্চন
আশার পাঁপড়ি মেলে করেছি প্রতীক্ষা আগন্তুক ফাগুনের।
মিলনের ঘুঙুর বাজিয়ে তুমি আসোনি অধরা
বেহুলার পাণি নেবো ব'লে বারবার জন্মেছি পোড়ামন লখাই
রক্তের ফেনিল স্রোতে মিশিয়েছে বিষ পদ্ম-গোখরা
তবু তুমি আসোনি কখনো
হৃদয়ের নীলিমায় মেখে গেছো যতো কষ্টের আবির।
16.07.84

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

