সুখঃ তাড়িত দুঃখের প্রলেপ/ শেখ জলিল
এইসব দগ্ধ অভিনয় নিয়ে আজো বেঁচে আছি
হৃদয়ের স্বচ্ছ কাঁচে মেখে নিয়ে দুঃখের প্রলেপ
এ পিঠের আরশিতে দেখি আজ নিজের আদল।
কামনার উচ্ছল জোয়ারে
আঁধারের চারিভিতে যখন সমস্ত মেলে দাও
নগ্ন বুকে হাত রেখে বলি-
পরিনত দুঃখের গহনে গিয়ে দেখো
কষ্টের সমুদ্রে কেমন উত্তাল ঢেউ!
ভাঙার প্রলয়ে বাজে ছলছল ধ্বনি
বুকের সুডৌল পাড় থেকে খ'সে পড়ে শুধু ঊর্বশী কাঁকর-
দুঃখের জমকালো মেকাপে তাই দগ্ধ অভিনয়ে
আজো সুখে আছি, সুখেই থাকবো আমি।
29.10.84
Sheikh Jalil
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


