কালো মেয়ে, কাজল মেঘের পরী-
হরিণী চোখের মাঝে বিন্দু বিন্দু জল
কার লাগি কাঁদছে হৃদয়?
ভেঙে গেছে বিয়ে-
বরপক্ষ ফেরায়নি চোখ গায়ের শ্যামল বর্ণ দেখে?
নাকি ও-পাড়ার সোনা মিয়া
ঘরে এনেছে হঠাৎ লাল টুকটুকে বউ
দিয়েছে কি দাগা অবৃঝ শৈশব প্রেমে!?
কালো মেয়ে, তাকিয়ে দ্যাখোনা তুমি
দূরের কাজল গ্রাম এক শ্যামল মায়ের ছবি
এতো জন্মভূমি বাংলাদেশ- আজন্ম মাটির টান।
বসনতে ডাকছে যে কোকিল- সেও কালো
ও চুলে তোমার, ও চুলে সবার
ও চোখে তোমার, ও চোখে সবার
জড়িয়ে রয়েছে দ্যাখো কতো কাজল রঙের খেলা
ভয় কী তোমার বলো কাজল বরণে!?
কালো মেয়ে, কাজল ধরণী মায়া-
কখনো দিও না ঝাঁপ নদীজলে
দ্যাখো পশ্চিমে আসছে কাল-বৈশাখী হাওয়া
এখনি উড়িয়ে নেবে জমাট কষ্টের জ্বালা
তোমাকে ছেড়েছে যারা অপমানে, অসম্মানে
গুড়িয়ে দেবে সবার প্রমত্ত অহংকার
আসবে ঝড়, উন্মত্ত লু-হাওয়া
কাজল রঙেই ঢাকবে তাদের চোখ-দর্প-সপর্ধা!।
কালো মেয়ে, কাজল মানিক কায়া-
আমিও তো তোমরই মতোন শ্যামকৃষ্ণ যুবক
কখনো পারিনি হ'তে কোনো রূপের রাজকুমার
ঐশ্বর্যও নেই, নেই প্রেমের জীবন
অপোয় তবু ঠিক তোমার কারণে বহুকাল
কালো মেয়ে, এবার ফেরাও মুখ!।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




