প্রথমেই বলে নেওয়া ভালো আমি নিরাপদ ব্লগার হওয়ার যোগ্যতা রাখিনা, দাবিও করতে চাইনা। সত্যি কথা বলতে কি এতদিন পরও একাউন্টটি খুঁজে পাবো আর সবহারানোর যুগে হারানো পাস্ওয়ার্ড পেয়ে এটিকে এক্টিভ করতে পারব, ভাবিনি!
অনেককিছু করতে চাওয়ার মত এটিও একটি চাওয়া; কখনো কিছু লিখব, কখনো না কখনো। কখনো তো নিশ্চয়ই। কিন্তু সময় হয়না। কোন দায়বদ্ধতাও অনুভব করিনা! রাত কেটে যায়, দিন বয়ে যায় _গান হয়, হাসি হয়, গল্প হয়... সবই হয়, সময় হয়না; কিছু লেখার, লেখার জন্য ভাবার, দায়বদ্ধ অনুভব করার!
কিন্তু কারো কারো হয়। তারা হাসতে হাসতে সময় বের করে, গল্প করতে করতে লেখে, গান গাইতে গাইতে ভাবে; ভাবে নিজের কথা, অন্যের কথা।যুক্তির কথা, আবেগের কথা; আবেগহীনতার কথা। স্বপ্ন, নির্মাণ আর ধ্বংসের কথা। কখনো ভাবনা আসে যুক্তির মাপে পরিমিত হয়ে, কখনো আবেগের তোড়ে উশ্রিঙ্খল। কখনো ভাবনাগুলো হৃদয়ের উষ্ণতা আর ভাষার প্রাণজ্বলতা পেয়ে সুসংবদ্ধ হয়, কখনো প্রণহীন-উদ্দেশ্যহীন ঝোড়োসংলাপ!
তবুও তো কেউ লেখে, লেখার স্বপ্নটুকু -ভাবনার যায়গাটুকু বাঁচিয়ে রাখে।
ওরা লেখে কিন্তু আমার ওদের কথা মনে থাকে না। ওরা নির্ঘুম রাত কাটায় কিন্তু আমার রাতের স্বপ্নে কোন ছায়াপাত করে না। ওরা সময়কে এগিয়ে নিতে চায় আমি থমকে থাকি। ঘটনা-দূর্ঘটনায় নিউজ মিডিয়া ওদের বক্তব্যের বাণিজ্য করে আমি ওদের সন্দেহের চোখে বিচার করতে চাই, চলমান আস্থিরতার জন্যে দায়ী করতে চাই। আর ওরা যখন অস্বাভাবিক অকালমৃত্যু বরণ করে আমি ওদের ব্যক্তগত জীবেনের অপরিচ্ছন্নতার অণুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ি।
আর তারপর? তারপর সুযোগের অপেক্ষায় থাকি নিজেকে শুদ্ধতর লেখক প্রমাণের।
আমি সকল প্রকার কণ্ঠ, কলম এবং কিবোর্ড তথা স্বপ্ন-নির্মাণ প্রচেষ্টা রোধের প্র্রয়াসের প্র্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





