06 Apr, 2013
পদ্মা পাড়ি দিয়ে পায়ে হেঁটে লংমার্চে যাচ্ছেন দক্ষিণবঙ্গের ২৩টি জেলার হেফাজতে ইসলামের কমপক্ষে ৩০ হাজার মুসল্লী। শুক্রবার সন্ধ্যা থেকে হরতালের কারণে রাজধানী ঢাকার প্রবেশমুখ ঢাকা মাওয়া মহাসড়কের মাওয়া ঘাট থেকে কোনো বাস, ট্রাক না চলায় ৩৮ কিলোমিটার পায়ে হেঁটে লংমার্চের উদ্দেশ্যে রওনা হন এসব নেতাকর্মীরা।
জানা গেছে, লংমার্চকে কেন্দ্র করে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বেশিরভাগ ফেরিসহ অন্যান্য নৌযান অনেকটা বন্ধ থাকে। এতে করে নৌরুটে দু’একটি ফেরি চলাচল করলেও শুধুমাত্র পণ্যবাহী ট্রাক পারাপার করা হয়। যে কারণে কাওড়াকান্দি ঘাটে দক্ষিণবঙ্গের ২৩টি জেলার হেফাজতে ইসলামের অনেক কর্মীরা বাধার মুখে পড়েন। এদিকে হরতালের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে ফেরি ফরিদপুর, শাহ মকদুম, লেংটিং, কেতকী, থোবাল, রায়পুরাসহ ৬টি ফেরি মাওয়া ওয়ার্কসপে অলস পড়ে থাকে। ফলে শুক্রবার রাতে বাধ্য হয়ে নৌরুটে দু’একটি ফেরি চলাচল করায় কিছু কিছু হেফাজতের কর্মীরা এসব ফেরিতে মাওয়া আসতে সক্ষম হন। শনিবার সকালেও বেশকিছু হেফাজতের কর্মীরা পদ্মা পাড়ি দিয়ে মাওয়া ঘাটে আসেন। কিন্তু হরতালের কারণে মাওয়া ঘাট থেকে কোনো বাস চলাচল না করায় ৩৮ কিলোমিটার পায়ে হেঁটে লংমার্চের উদ্দেশ্যে রওনা হন এসব নেতাকর্মীরা।
আটকে পড়া ঢাকাগামী প্রত্যক্ষদর্শী যাত্রী আবুল কালাম, কামাল হোসেন জানান, শুক্রবার সকালে কাওড়াকান্দি ঘাটে স্থানীয় সরকার দলীয় লোকজন জড়ো হয়ে ফেরি চলাচল বন্ধ রাখে। তবে, হেফাজতে ইসলামের লংমার্চের কারণে লোকজন ঢাকায় প্রবেশ করতে না পারার জন্য এ ঘটনা বলে জানিয়েছেন দুর্ভোগে পড়া যাত্রীরা।
এদিকে লংমার্চকে ঘিরে মুন্সীগঞ্জে হরতালের আগেই সড়কপথে অঘোষিত অবরোধ চলছে। শুক্রবার সকাল ১১ টার পর ঢাকা মুন্সীগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা অভিমুখে যাওয়ার জন্য হেফাজতে ইসলামের ভাড়া করা ১৫০টি বাসও তাদের বহন করে নিয়ে যেতে পারবে না বলে বাস মালিকরা সাফ জানিয়ে দিয়েছে বলে হেফাজতে ইসলামের স্থানীয় নেতারা জানিয়েছেন।
এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ৭ টায় কুচিয়ামোড়া কলেজ মাঠে জেলার শ্রীনগর, লৌহজং, সিরাজদিখান, দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের ধর্মপ্রাণ মুসল্লীরা জমায়েত হন। সেখান থেকে হেফাজতে ইসলামের মুন্সীগঞ্জ জেলা আহবায়ক হযরত মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুরের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মীরা পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে দোহার, নবাবগঞ্জ, আব্দুল্লাহপুর, রাজেন্দ্রপুর, কেরাণীগঞ্জ, ঢাকা থেকে আরো ১৫-২০ হাজার মুসল্লীরা তাদের সঙ্গে যোগ দেয়।
লংমার্চ থেকে সিরাজদিখান উপজেলা হেফাজতে ইসলামের আহবায়ক মাওলানা ওবায়দুল্লাহ কাশেমী জনান, ১৫০টির মতো বাসভাড়া করা হয়েছিল কিন্তু বাস মালিকরা ঢাকা বাস মালিক পরিবহন সমিতির নির্দের্শে আমাদের ভাড়াচুক্তি বাতিল করে দেয়। যে কারণে আমরা পায়ে হেঁটে লংমাচের্র যোগ দেই।
লংমার্চ থেকে হেফাজতে ইসলামের শ্রীনগর উপজেলার আহবায়ক মাওলানা জাকির হোসেন জানান, বাঁধার কারণে শ্রীনগর উপজেলার অনেক স্থান থেকে আমাদের নেতাকর্মীরা লংমার্চে আসতে পারেননি। এছাড়া ঢাকা মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুরে সরকারদলীয় লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা চালায়।
এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





