তৌফিকুল ইসলাম বাবর, চট্টগ্রাম ব্যুরো
দেখেই মনে হতে পারে, এ কোনো রোমাঞ্চকর সিনেমার দৃশ্য। যেখানে প্রকাশ্য দিবালোকে বিভিন্ন অ্যাকশনে শটগান হাতে প্রতিপক্ষের দিকে একের পর এক গুলি ছুড়ছে এক যুবক, যেন কোনো মারদাঙ্গা ছায়াছবির খলনায়ক। বাস্তবে তিনি খলনায়কই। গতকাল সোমবার হরতাল চলাকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় বেপরোয়াভাবে শটগান নিয়ে অ্যাকশনে থাকা এই যুবকের নাম দিদারুল আলম মাসুম। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, একই সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তখন সকাল ১০টা। হেফাজতের হরতালের বিপক্ষে নগরীর লালখান বাজার মোড়ে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ' নেতাকর্মী। অদূরে ওয়াসা মোড়ে অবস্থান নেয় হেফাজতে ইসলামের কয়েক হাজার নেতাকর্মী। দু'পক্ষের এমন মুখোমুখি অবস্থানের ফলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংঘর্ষ এড়াতে দু'পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। এরই মধ্যে হঠাৎ ওয়াসা এলাকায় লাঠিসোটা দিয়ে একটি টেম্পো ভাংচুর শুরু করে হেফাজতের কর্মীরা। হেফাজত কর্মীদের নিবৃত্ত করতে সেখানে ছুটে যায় পুলিশ। এ সময় লাঠিসোটা হাতে পুলিশের পেছনে পেছনে হেফাজতের দিকে তেড়ে যায় লালখান বাজার মোড়ে অবস্থান নেওয়া যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। হঠাৎ শটগান হাতে দৃশ্যপটে আসেন দিদারুল আলম মাসুম। হকিস্টিক, রামদা ও লাঠিসোটা হাতে তার সঙ্গে ছিল বেশ কিছু ক্যাডারও। মাসুম কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। প্রকাশ্য দিবালোকে শত শত পুলিশের সামনে এভাবে শটগান দিয়ে গুলি ছোড়ার দৃশ্যে হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। এ ব্যাপারে সিএমপির উপকমিশনার
(দক্ষিণ) আবদুল্লাহ হেল বাকী ঘটনাস্থলে থাকলেও তিনি সমকালকে বলেন, কাউকে শটগান হাতে গুলি করার দৃশ্য দেখেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, দিদারুল আলম মাসুম কয়েক বছর আগেও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তার একটি বাহিনীও রয়েছে। মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। মধ্যপ্রাচ্যে রয়েছে তার ব্যবসা-বাণিজ্যও। দেশে ফেরার পর এলাকার আধিপত্য নিয়ে আবার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদের সঙ্গে। দু'পক্ষের মধ্যে প্রায় সময় ঘটছে সংঘর্ষ। খুন, রাহাজানিসহ তার বিরুদ্ধে রয়েছে কয়েকটি মামলাও। গত বছরের ৭ এপ্রিল ফরিদ মাহমুদ গ্রুপ হামলা করলে গুলি ছুড়ে তার জবাব দেন মাসুম।
প্রকাশ্যে শটগান হাতে গুলি ছোড়ার বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা দিদারুল আলম মাসুম সমকালকে বলেন, 'যে অস্ত্রটি দিয়ে আমি গুলি করেছি, সেটি আমার নামে লাইসেন্স করা।' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হেফাজতের ব্যানারে জামায়াত-শিবিরের ক্যাডাররা যখন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করে, তখন আমি ওষুধের জন্য ফার্মেসিতে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি, আমাদের কয়েকজন কর্মীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। দেখলাম, প্রতিপক্ষের ক্যাডাররা ককটেল ছুড়ছে ও গুলি করছে। তখন নিজেকে ও কর্মীদের রক্ষা করতে অস্ত্র নিয়ে আসি।'
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




