জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিসংখ্যান বিভাগের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিত হওয়ার এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আরিফুর রহমান নামের এক ছাত্র পঞ্চম সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় একটি কোর্সে অকৃতকার্য হন। এ বিষয়ে আজ বিকেল চারটার দিকে বিভাগের চেয়ারম্যান আশরাফ-উল-আলমের সঙ্গে আরিফুরসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী দেখা করতে যান। বিভাগের চেয়ারম্যান আশরাফ-উল-আলম ছাত্রলীগ কর্মীদের কক্ষ থেকে বের হতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে অন্য বিভাগের শিক্ষকেরা ঘটনাস্থলে এসে ছাত্রলীগের কর্মীদের কক্ষ ত্যাগ করতে জোরাজুরি করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা এক শিক্ষককে ধাক্কা দিয়ে বের হয়ে যান।
শিক্ষককে ধাক্কা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন।’
এ বিষয়ে জানতে আশরাফ-উল-আলমের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিকভাবে এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তের জন্য আইন অনুষদের ডিন সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




