২৭ এপ্রিল ঢাকায় প্রতিবাদী নারী গণ সমাবেশের পাল্টা সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের নারীবিরোধী দাবির প্রতিবাদে শাপলা চত্বরে নারী সমাবেশের বিপরীতে হেফাজতের সমাবেশ হবে লালবাগে।
হেফাজত ঘোষিত ১৩ দফা দাবি নিয়ে নানা অপপ্রচার, বিভ্রান্তি ও ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিতে সরকার বাধা দেওয়ার অভিযোগে এই সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।
হেফাজত যে ১৩টি দাবি দিয়েছে তা মানতে নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে দিতে হবে। হেফাজত নেতারা আগে জানিয়েছেন তারা নারী-পুরুষের সহশিক্ষার বিরোধী। হেফাজতের দাবি মানলে নারীরা চাকরি করতে পারবে না, এমন আশঙ্কার কথা বলছেন নারী নেত্রীরা। এর প্রতিবাদে ২৭ এপ্রিল নারী গণ সমাবেশ ডেকেছেন তারা।
তবে সমালোচনার মুখে হেফাজত নেতারা এখন তাদের ১৩ দফা দাবির নতুন ব্যাখ্যা দিচ্ছেন। তারা বলছেন, হেফাজত নারীদের চাকরির বিরোধী না। আগের বক্তব্য থেকে সরে এসে হেফাজত নেতারা দাবি করছেন, তাদের কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
রোববার এক বিজ্ঞাপ্তিতে লালবাগের আজাদ মসজিদের সামনে এই সমাবেশের কথা জানায় হেফাজত। নারী সমাবেশের দিন এই সমাবেশ ডাকা কতটা সঙ্গত হয়েছে, জানতে চাইলে হেফাজতে ইসলামীর ঢাকা মহানগর শাখার উপদেষ্টা এবং আঠারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী দাবি করেন, ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে লালবাগের সমাবেশ ডাকা হয়েছে। এই কর্মসূচির সঙ্গে নারীদের সমাবেশের কোনো সম্পর্ক নেই।
একই দিন এমন কর্মসূচি নতুন কোনো বিরোধ তৈরি করবে কি না, জানতে চাইলে বিএনপির শরিক দলের এই নেতা বলেন,‘নারীদের সঙ্গে আমাদের কোনো ভুল বোঝাবুঝি নাই। একটা বিরোধ তৈরির চেষ্টা চলছে।
পোশাক কারখানার শ্রমিকদের এনে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে নারীরা আমাদের দাবির বিরোধী। কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই’ ।
২৭ এপ্রিলের সমাবেশ সফল করতে একটি কমিটিও করেছে হেফাজতে ইসলাম। সংগঠনের নেতারা দাবি করেন,তাদের বিরুদ্ধে একটি মহল কুৎসা রটনা করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




