মামলার ভয় দেখিয়ে সরকার তাঁকে পকেটে রাখতে চায় বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে যুব সংহতির ৩০তম প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
নিজের একটি মামলার কথা উল্লেখ করে এরশাদ বলেন, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল ১৯৮১ সালের ৩১ মে। মামলা হয় ১৯৯৫ সালে। ১৯ বছরেও মামলাটির নিষ্পত্তি হচ্ছে না। কারণ, অতীত সরকারের মতো এ সরকার মনে করে মামলা নিস্পত্তি হয়ে গেলে এরশাদকে পকেটে রাখা যাবে না। তিনি বলেন, ‘মামলার ভয় দেখিয়ে আমাকে পকেটে রাখতে চায়। আমি আর কারও পকেটে থাকবো না। যতদিন বাঁচবো সম্মান নিয়েই বাঁচবো; দালাল হয়ে বাঁচতে চাই না।’
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। পরিবেশ সৃষ্টি না হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।
এরশাদ আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আবদুল হামিদ একজন সজ্জ্বন ব্যক্তি, ভালো মানুষ। স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। তাই রাষ্ট্রপতি হিসেবে তার নাম আমিই প্রথম প্রস্তাব করেছিলাম। অথচ, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ আমার সঙ্গে কোনো আলোচনা করেনি।’ তিনি আশা প্রকাশ করেন জাতির ক্রান্তিকালে চলমান সংকট উত্তরণে নির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদ নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
পদ্মা সেতুর দুর্নীতির প্রসঙ্গে এরশাদ বলেন, পদ্মা সেতু দুর্নীতিতে কে কতভাগ পেয়েছে জানা গেছে। কেবল একটি ভাগের কথা জানা যায়নি। সেটি দুই ভাগের বিষয়। শতকরা দুই ভাগ কার পকেটে যাচ্ছিল, সেটি জাতি জানতে চায়।
হেফাজতে ইসলামের সঙ্গে যারা জামায়াতের সংশ্লিষ্টতা খোঁজার কড়া সমালোচনা করেন এরশাদ। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর কাছ থেকে হেফাজতে ইসলাম টাকা নিয়েছে বলে যারা প্রচার করছে, তারা ইসলামের শত্রু। আমি খোঁজ নিয়ে দেখেছি। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা ডাহা মিথ্যা।’
হেফাজতের দাবি সমর্থন করে এরশাদ বলেন, বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে শাস্তি হয়। প্রিয় নবীর অবমাননা করলে শাস্তি হবে না, তা হতে পারে না। ইসলাম বিরোধীদের শাস্তি দিতেই হবে।
যুবসংহতির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদ হাসান চৌধুরী, এস এম এম আলম, মীর আবদুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী প্রমুখ
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




