তখন কিশোরবেলা, বয়োঃসন্ধিক্ষণে আমি -
আসন্ন জোয়ার মৌ মৌ-দোলে শরীর মন ।
একদিন চোখ পড়ে আয়নায়
ঠোঁটের উপর দৃশ্যমান কালচে রেখা
মসৃন গালে হচ্ছে আবাদ-
পুরুষ হরমোনের আগমনীবার্তা
কচিকন্ঠে লেগে গেছে পুরুষালি প্রলেপ ।
জন্মদিনে গিফট আসে সেভিং কিট
বড় হচ্ছি আমি, বড় হচ্ছি আমি ...
শরীর মানচিত্র যাচ্ছে বদলে
দৃষ্টিও কি বদলে যাচ্ছে সেইসাথে !
ঘোর লাগা চোখ -
নিত্যদেখা বালিকার মুখ জাগায় বিভ্রম।
মননে তখন আবিস্কার মোহ -
চেনা বালিকা তুমি কত যে অজানা !
অবচেতন মনে ছিলে তুমি,
ঘুমের ঘোরে এলে কি তাই খোলস ছেড়ে !
সেই তো প্রথম দেখি বালিকা তোমায়
পুরুষ হয়ে ওঠা কিশোরের চোখে -
বিপন্ন বিষ্ময় আমার প্রথম স্বপ্নদোষ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





