আচমকা ঘুম ভেঙ্গে যায় প্রিয়তার। স্বপ্নটা সুখস্বপ্ন নাকি দুঃস্বপ্ন বুঝতে পারছে না। স্বপ্নকাহন মনে পড়ছে আবছা আবছা। স্বপ্নটিকে সাজালে গল্পটি ঠিক এরকম-
নৌকায় করে কোথায় যেন যাচ্ছে প্রিয়তা। নৌকায় একমাত্র যাত্রী সে। ইঞ্জিন নৌকা। সুপারসনিক গতি। উথাল পাথাল ঢেউ। ভয় হয় কখন যে নৌকাটি ডুবে যায় ।
হঠাৎই মাঝির দিকে চোখ পড়ে । একি! এ কার মুখ ! বারবার যাকে স্মৃতিকোষ থেকে ডিলিট করতে চাচ্ছে সেই সুমন! ও এল কোথ্থেকে?
মুখে মৃদু হাসি, পায়ে পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরলো । সহজাত ছলনায় প্রিয়তা বলে উঠে, 'এ্যাই ছাড়ো ! চিৎকার করবো কিন্তু!'
হাঃ হাঃ হাঃ অট্টহাসিতে ফেটে পড়ে সুমন, বলে উঠে-
"চিক্কুর দিয়া লাভ কি!
এর চেয়ে কাছে এসো, লুটো মজা।"
এ স্বপ্নের ফ্রয়েডিয় ব্যাখ্যা কি ! সুমনের সুখস্পর্শের জন্য প্রিয়তা আজো কি উন্মনা !
ঘামছে প্রিয়তা। এসি-টা কি ঠিকমত কাজ করছে না ! নেপথালিনের গন্ধ পায় ও। ফ্রেমে বাঁধা টুকরো টুকরো সুখ স্মৃতি। সুমনের সাথে।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ও । বয়স পচিশকে ছুঁতে যাচ্ছে। সুমন তো বেশ আছে। হয়তো এখন বউকে জড়িয়ে সুখনিদ্রায় ।
রাবিশ ! এ যুগের মেয়ে হয়েও তিন বছরেও নিজেকে সামলাতে পারলো না ।
কিছুক্ষণ আগে দেখা স্বপ্নটি গলে গলে নোনা জল হয়ে ঝরতে লাগল প্রিয়তার চোখ বেয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


