বীজেই আঁকা থাকে মানচিত্র
চারা গাছ দ্যাখে স্বপ্ন -
উধ্বমুখী দর্পিত সুঠাম বৃক্ষ
পল্লবিত শাখা-প্রশাখা, সবুজের সমারোহ
পাখির কাকলিতে বাজে তানসেন রাগ।
বীজেই আঁকা থাকে মানচিত্র
চারা গাছ দ্যাখে স্বপ্ন -
সালোকসংশ্লেষনে বিলোয় অক্সিজেন
বাতাস দোলায় পাতা
ঘামঝরা পথিক জুড়োয় ক্লান্তি ছায়াবৃক্ষতলে।
বীজেই আঁকা থাকে মানচিত্র
চারা গাছ দ্যাখে স্বপ্ন -
ফলে ফুলে ভরা প্রাচুর্য
নান্দনিক চোখে মুগ্ধ মানব
প্রাণবন্ত জীবনে ধন্য আজ বৃক্ষ ।
বীজেই আঁকা থাকে মানচিত্র
চারা গাছ দ্যাখে স্বপ্ন -
গর্ভবতী ফল ফলায় বীজ
বৃক্ষও হয়ে যাবে পিতা-পিতামহ
সার্থক যবনিকায় গাছ পাথর জীবন।
বীজেই আঁকা থাকে মানচিত্র
চারা গাছ দ্যাখে স্বপ্ন -
হায়! নির্বোধ ছাগল চিবিয়ে খাচ্ছে স্বাপ্নিক চারাগাছ !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



