ক্লাস সেভেনে পড়ি তখন। বাবার চাকুরী সূত্রেই মফস্বলে থাকা। উপজিলা বয়েজ এবং গার্লস স্কুল পাশাপাশি। ইচড়ে পাকা আমরা কয়েক বন্ধু রাস্তায় দাঁড়িয়ে থাকতাম ছুটির সময় ইউনিফর্ম পড়া মেয়েদের মিছিল দেখতে। আমাদের মাঝে রেজা বেশ ম্যাচুউরড। সে ইতোমধ্যেই প্রেম করতে শুরু করেছে ক্লাস সিক্সে পড়া এক মেয়ের সাথে। চিঠি আদান প্রদান করে, গর্বভরে আমাদের দেখায়। আমরা ঈর্ষান্বিত হই। আমারো ইচ্ছে করে। আহা, আমারো যদি গার্লফ্রেন্ড থাকতো!
আমাদের প্রতিবেশী ডাক্তারের মেয়ে রানা ও মিনা। মিনা পড়ে ক্লাস সিক্সে, রানা ক্লাস নাইনে। মিনাকে আমার ভালো লাগতে শুরু করে। সাহস করে একদিন মিনাকে লেখা প্রেমপত্র ওদের ছোট ভাই শামীমকে ধরিয়ে দিলাম ওকে দেয়ার জন্য। কি লিখেছিলাম এতোদিনে তা মনে নাই। তবে তা যে কিশোর বয়সের আবেগমাখা কথাবার্তা তা নিশ্চিত। ধরা পড়ার ভয়ে চিঠিটিতে মিনা কিংবা আমার নাম লিখিনি। সম্বোধনে 'তুমি' এবং ইতি-তে লিখেছি 'আমি"। পরেরদিন শামীমের সাথে দেখা হতেই বললাম. "চিঠিটা দিয়েছো তো মিনার কাছে?" ও হেসে উত্তর দেয়, 'ছোটআপু বেড়াতে গেছে খালার বাসায়। বড়আপুকেই তাই দিছি। আপুও কিন্তু তোমাকে দেওয়ার জন্য একটি চিঠি দিয়েছে, এই নাও।"
শামীমের হাত থেকে চিঠিটি নিয়ে পড়তে শুরু করি। প্রচন্ড আবেগভরা চিঠি। লিখেছে, ও' আমাকে ভীষণ ভালোবাসে, আমার গার্লফ্রেন্ড হতে চায় !
থ হয়ে যাই আমি। রানা যে আমার চেয়ে দুই ক্লাস উপরে পড়ে! ও-কে যে আমি আপু বলে ডাকি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




