
এই যন্ত্রণাময় নিরবতার চারা ক্রমশ বেড়ে আজ অশ্বথ,
সহ্যের প্রতিটি প্রাচীন প্রাচীরে গজিয়েছে বটের চারা,
রাজসিক অবহেলার ধুলোতে ঢাকা পড়েছে ভালবাসার মখমল।
নিন্দিত মাকড়সার জালে অসহায় ভ্রমর।
ভ্রমরের ডানায় নিক্ষিপ্ত তোমার রচিত গোলা
ফিরে গেছে সহস্র আগুনরঙা ফুল হয়ে, তবুও
তোমার ক্রোধের আগুনে পুড়ে গেছে আমার কবিতার ডায়েরি।
তপ্ত অশ্রুর সাথে কর্পূরের মত উড়ে গেছে প্রতিটি কবিতার লাইন।
এখনো আমার কবিতার বর্ণমালা খেলছে ভাইবোনের
মত খুনসুটি করে তোমার স্কারলেট রেড বাগানে,
উপেক্ষা করার মত নয় ওরা ভীষণ আদুরে এতিম শব্দকলি,
ওদের কলকাকলিতেই আজ খুজে ফিরি তোমাকে ।
আমি শতাব্দী ক্রোশ দূরে থেকেও জানি
তোমার বনেদি গোলাপের বাগানে নেই কোন বসন্ত কোকিল,
তাই বাগানের প্রতিটি ঘাসপাতার কানে
আমি শব্দের ফেরিওয়ালা ।
মুদ্রার ওপাশে তোমার আদুরে জাপানিজ ক্যামেলিয়া সাজ দেখার জন্যে,
এপাশে আমি ছটফট করি ডানাবিহীন পতঙ্গের মত।
বাতাসে হাতড়ে খুজি তোমার ভালোবাসার চিঠি,
যন্ত্রণার নদী থেকে সমুদ্র আজ সর্বত্র বিদ্রোহ।
আজ একটাই দাবী,
ভেঙ্গে দাও আমাকে কাঁচের লাল চুড়ির মত।

সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



