শেষ রাতের নিরবতা ভেংগে মোরগ ডাকে,
কেমন করে বুঝে ফেলে
অন্ধকারের বন্দীত্বের আসন্ন অবসান;
ফর্সা হয়ে এল বুঝি পূবের আকাশ
পৃথিবীর মৃত্তিকা-বুকে ঘাসের চাদর
জমে থাকা ছোট ছোট জল বিন্দু
কাছে দূরে প্রশান্ত বৃক্ষরাজী
সবুজ শাড়ি কুয়াশার শাল জড়ানো গায়ে ।
শীর্ণ নদী শীতে জড়সড়
তার বুকে শয্যা পেতেছে কলমীর দল ,
ধীরে বয়ে চলে যাযাবর কচুরিপানার কাফেলা ;
নির্ঘুম জেলের নৌকা আলো আঁধারিতে
কুয়াশার ধূয়া মেখে নিয়ে গায়ে
ত্রস্তে পৌঁছে যায় গঞ্জের হাটে ।
সারা রাত লুকিয়ে থেকে ঘুম ঘুম চোখে
নিদ ভেংগে উঁকি দেয় লাল থালার মত ভোরের সূর্য ,
গ্রাম্য বধূ জল তুলে নেয় কলসী কাঁখে ,
নদীর বুকে উড়ে বেড়ায় পানকৌরি
পাখা মেলে বাতাসে শুয়ে থাকে সোনালী ডানার চিল ,
নদীর ধারে জলমগ্ন ঝোঁপে ঝারে
খেলা করে যেন লজ্জাশীল ডাহুক ;
পাখিরা নীড় ছেড়ে মেলে দেয় ডানা
উড়ে যায় কোন সুদূরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




