
"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে দ্বার।
নাজমা-মিশু-সাকি ভাই, আজ তবে কোথা তারা?
মোদের রক্তে নেতা সেজে, আজ যে দিশেহারা!
মিছিল-মিটিং আর আন্দোলনে কাটাইলে যৌবন,
দুর্দিনে আজ কেন তবে করিলে পলায়ন?
দেশ বদলের নামে যারা জ্বালিয়াছ মহাদাহ,
ভাবিয়াছ কি একবারও, কার বুকে এ দুর্বিষহ?
ইনকিলাব ধ্বনি তুলি আনিলে যে বিপ্লব,
কার পেটে লাথি মারি রচিলে এ উৎসব?
শ্রমিকের ঘামে গড়া ক্ষমতার ওই আসন,
আজ কেন তবে ভাই শুরু হইল প্রহসন?
ক্ষুধার আগুনে পোড়ে নিরুপায় মজুর-প্রাণ,
নেতাদের ঘরে আজ বিলাসের জাগিছে তুফান।
অধিকার আদায়ের নামে যারা নিলে শুধু ভোট,
আজ মোরা পথে বসে, তোমাদের পকেটে নোট।
বিপ্লব আনিয়া দিলে কার ঘরে সুখ-জোয়ার?
মোদের কপালে শুধু বন্ধ এ ঘরের দুয়ার।
-এস এম আজাদ রহমান
০৪ নভেম্বর'২০২৬
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




