যা/যা/ব/র/জি/য়া/
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
তাড়া খাওয়া
হরিণের মতো
কবিকে এখন পালাতে হবে
ক্ষতবিক্ষত
চাঁদের ছায়াপথ ধরে জোস্নার চেয়েও
অনাকাঙ্ক্ষিত চোরাপথ দিয়ে
কবিকে পালাতেই হবে
লুকাবার মতো
তোমার চোখের তারায় একটুকরো সবুজ দাও নারী
দু'চোখে বালিয়াড়ি
নিয়ে
পালাবার বিকল্প কোন সড়ক থাকে না
দমবন্ধ কবির
কবিকে পালাতেই হবে
আততায়ী চাপাতি রেকি করছে হলুদ বুকপকেট
যুগান্ধ কবির
বুকের বুকসেলফে রবীন্দ্র রচনাবলী
চেতনার কড়িকাঠে
দুর্বাসা নজরুল পথজুড়ে ছেঁউড়িয়ার
গনগনে সূর্য
কলমে শকুনের
রীতিবিরুদ্ধ খাদ্যশস্য মুক্তবোধ
বিশ্বাসের বৈঠকখানায় দৃঢ়মূল জেগে আছে
বিদায় হজ্জের নসিয়ত
ধর্মখোর
নজরবন্দি এড়িয়ে
মননের চেয়েও দুর্বিপাক শোকপথ ধরে
কবিকে পালাতেই হবে
তোমার নাভিমূলে লুকাবার মতো একচিলতে গুহামুখ দাও নারী
এই টুকরো টুকরো
পরস্পর বিচ্ছিন্ন নাগরিক দ্বীপপুঞ্জে
বড় অরক্ষিত অবরুদ্ধ কবি
এখানে রাজনীতি এখন ছায়াপথের সমার্থক
সুমহান নেতানেত্রীদের
দলীয় প্যাডে বেশুমার নাস্তিক্যবাদের সার্টিফিকেট
সাংবাদিক পরোন্মুখ
বুদ্ধিজীবীর চোখে গোত্রান্ধ ঠুলি
রাষ্ট্রযন্ত্র সিংহাসনে চুর
কবিকুল প্রেমের কবিতায় আকন্ঠ মদাক্রান্ত
এই মরুময় ধূসর সমকালে
মগজময়
রোদ্দুর নিয়ে পালাবার বিকল্প কোন আরশ থাকে না বিরুদ্ধস্রোতের কবির
মন্দাক্রান্ত কবিকে তাই
প্রতিরোধ করার মতো আঁচল সংলগ্ন একখন্ড প্রতিবাদমুখর বনভূমি দাও নারী
##ঝালকাঠী।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



