মেয়েটি বড়ই রূপবতী। দুধে আলতা গায়ে রং, কোমর পর্যন্ত লম্বা চুল, তবে নাকটা বোঁচা। আর চেহারায় একটা রাগী রাগী ভাব। রুপের দেমাগে পা মাটিতে পরে না নাকি অন্য কারনে পা মাটিতে রাখতে মন চায়না কে জানে। ভার্সিটি থেকে রোকেয়া হলেও যেই মেয়ে রিকশা করে যায় এতই ননীর পুতুল। নতুন মাত্র আসছে ফার্স্ট ইয়ারে ফিলসফিতে পড়তে এই পুচকে মেয়ের আবার এত ভাব কিসের। চালচলনেও অতিরিক্ত স্মার্ট। পোশাক বেশিরভাগ সময়েই শার্ট, প্যান্ট, মাঝে মাঝে স্কারট আর খুবই কম সময় শাড়ি। সাথে আরও দলবল তো থাকেই। ফাঁক বুঝে যে কথা বলবে তারও উপায় নেই। ক্লাস থেকে বের হয়ে হাঁটা দেয়, বন্ধু বান্ধবীদের নিয়ে গল্প করে, গল্প শেষ তো রিকশায় করে চললেন রাজকন্যা।
এভাবেই প্রতিদিন মেয়েটাকে দেখে সেই ছেলেটা। দিন যায়। কথা তো বলা হয়না। মুরুব্বি হিসাবে একটু যে আগ বাড়িয়ে পার্ট নিবে তা আর হচ্ছে না।
তারপরো সাহস বাড়িয়ে একসময় কথা বলেই ফেলল। কিন্তু আড়ালে না, দলবলের মধ্যে। কিন্তু কথা বলতে মন চায় একটু গোপনে, একটু আড়ালে, জানতে ইচ্ছা করে মেয়েটির ব্যাপারে। সেই সুযোগ আর হয়না। কিন্তু এভাবে কতদিন যাবে? মনের কথা মুখে বলা জরুরী। সেই ইচ্ছা মনে রেখেই একদিন বলেন,
"চল না আজকে আমরা রমনায় খেতে যাই, তুমি আর আমি।"
মেয়েটি বলে,
" কি দরকার? এখানেই খাই চলুন। ক্যাম্পাসেই তো খাবার আছে।"
"না মানে প্রতিদিন এক জিনিস খেতে কি আর ভাল লাগে?"
এভাবে কিছুক্ষণ তর্কাতর্কি করে মেয়েটি রাজি হয়,
"আচ্ছা ঠিক আছে, চলুন"
খুশিতে গদ্গদ হয়ে ছেলেটি বলে,
"হ্যাঁ চল চল, রিকশা ঠিক করি আসো।"
রিকশা ঠিক করার পরে ছেলেটি রিকশায় উঠে বলল,
"আসো রিকশায় বস।"
-"আমি আপনার সাথে এক রিকশায় উঠব কেন?? পুরো ভার্সিটির সামনে আমি আপনার সাথে ড্যাং ড্যাং করে ঘুরব রিকশায়, মাথা খারাপ নাকি??"
ছেলেটি মনে মনে কি ভাবল তা বোঝা গেল না তবে মুখে কিছু প্রকাশ করল না, বলল,
"আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি আরেকটা রিকশায় আসো।"
মেয়েটি আরেকটা রিকশা ঠিক করে সেটাকে বলল আগে আগে যেতে। গন্তব্য রমনা ক্যান্টিন।
রমনা ক্যান্টিনে পৌঁছে মেয়েটি তার পিছনের রিকশা খুজতে লাগল। কিন্তু দেখতে পেল না। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করল, "ভাই ঐ রিকশাটা কই গেল যে আমাদের পিছনে পিছনে
আসছিল??"
রিকশাওয়ালা বলল, "ঐ রিকশাওয়ালা তো কহনই উল্টা রাস্তায় গেছেগা আফা!!"
"উল্টা রাস্তায় যাবে কেন?? উনি তো আমার সাথে আসছেন!!!"
"আমি কেমতে কইতাম কেন গেছে?? আমি তো ভাবসি আফনে আলাদা উনি আলাদা। আফনেরা যে একলগে হেই কথা কি আমারে কইছেন??" রিকশাওয়ালার সহজ উত্তর।
আমার মা তাজ্জব!!
প্রথম দিনের "ডেট" এমনই ছিল তাদের।
আমার জীবন কথা - ১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

