যত অনুভূতি সব বিদায় নিয়েছে গতরাতে
তোমাকে দেয়া বিদায়ের সাথে।
আজ অভিমান করার কেউ নেই আর,
কেউ নেই দুঃখ দেবার;
কেউ নেই যে খেলবে মিথ্যে অধিকারের খেলা,
এ জীবন মধ্যনদীতে যেন মাঝিহীন এক ভেলা।
আমারও আকাঙ্ক্ষা ছিলো নিয়ে যাবো তারে
দীপ্ত অঙ্গীকারে,
সে আকাঙ্ক্ষা পরিণত জীবন শিকারীর শিকারে।
আজ আমার মনের মাঝে মন থাকে না,
একলা ঘরে কারো অবয়ব চোখে ভাসে না;
স্মৃতি হয়ে অতীত আসে না আলোয় আঁধারে,
পরিচিত ছায়া সুবাস ছড়ায় না দুয়ারে।
অনেক নারী এগিয়ে আসে
তবু ভালোবাসায় বুক ভরে না;
জীবন কেন মুচকি হাসে –
সেই কথাটা কেউ জানে না।
কেন আমার এমন হলো কেউ কি জানে!
সব বুঝেও মন বুঝে না কিসের টানে –
কেউ জানে না,
কেউ জানে না।
উপদেশের বার্তা আসে থেকে থেকে চতুর্দিকে,
তবু অসংলগ্ন প্রলাপ স্বপন যায় যে এঁকে।
হাজারো কথার বোনা জালে তীব্র ক্ষত;
অর্থহীন কথা ধীরে হয়ে নত
জীবন ফের জীবন পথে চলতে নামে –
বোধহীন এই বেঁচে থাকা সুখের দামে।
বিদায় বেলায় না বলতে পারা তুমুল বিলাপ
ধুলোয় লুটায় হয়ে এক মৃত গোলাপ।
আজ বাস্তবতার অর্থবহ কথার ভিড়ে
অর্থহীন সেসব কথা ধীরে দূরে সরে –
অথচ যে কথা অর্থহীন
সেটিই সব অর্থ ধারণ করে
© অদ্রি অপূর্ব
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



