সাদাকালো ঘরের মধ্যে, ছবির ভেতর
দারুণ গোলাপ বন। সুবাস তার আছে-কি-নেই
এপার থেকে সেসব কি আর ভালো বোঝা যায়?
দেয়াল জুড়ে বিরাট ঘড়ি
টেবিল জোড়া টেলিভিশন
পলে পলে বিট্রে করে যাচ্ছে।
যাচ্ছে না হয় আমার ভাষায়
তোমার ভাষায় এই যাওয়া তো
আসাও হতে পারে।
তাই, দেয়াল ভরা গোলাপ বনে
ফুলে, ঘ্রাণে, টলমল শিশির ঘাসে,
তোমার উপচে পড়া, গড়িয়ে পড়া
মিষ্টিকথা বিট্রে হয়ে আমার কানে লাগে।
আমি, ঘাসের মধ্যে আজ
এই টুকরো রোদের ভেতর আছি,
পোড়ামাটির ইটের ভেতর আজ
আমি একটুখানি মাটির স্মৃতি আছি
আছি এই সাদাকালো দেয়াল জুড়ে
আমি একটুখানি গোলাপ ছবি আছি।
১৯.০৪.১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




