চৈতন্যের ভেতর একদিন বীণা বেজে ওঠবে,
আমরা বুঝবো মিলনের দিন সমাগত।
বহু যুগের প্রতীক্ষা শেষে আমাদের পূর্বসূরীরা
শঙ্খ বাজিয়ে দেবেন উৎসবের সংকেত;
পুলকিত বাতাস সেদিন গঞ্জের লোকেদের গায়ে
মেখে দেবে আনন্দের রেণু। জলাশয় থেকে উঠে
সহস্র পদ্ম মিলে তোমার ও আমার জন্য সেদিন
করবে রচনা এক মায়াবী পথ।
পুনর্মিলনের মহালগ্নে সময়ের ধারণা বলে কিছু নেই,
অতীত, বর্তমান, ভবিষ্যত সব একাকার
আমাদের মহাজাগতিক সত্তার ভেতর;
সেদিন আমরা কল্লোলিত ঢেউ, উচ্ছসিত,
জড়িয়ে ধরবো পরস্পর। সেদিন আমি বলবো,
দেখো! বাইরে কেমন ঝলমল করছে রোদ!
তুমি বলবে, দেখো, বসন্তের মেহগণি গাছে
কেমন দুলছে সবুজ পাতা।
০৬.০৩.১৭
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


