সে চেয়েছিল সামান্য দিন, নির্ভার:
স্নানঘরে শাওয়ার ছেড়ে গুণগুণিয়ে এক দুপুর রবীন্দ্রসঙ্গীত,
বিকেলে বারান্দায় পলকের দখিনা হাওয়া,
সান্ধ্য চায়ের কাপে কিছু খুচরো আলাপ।
এরচে’ সুখ এসেছে ঢের।
ডাইনিং টেবিলে দুপুরে উপচে পড়েছে আড়ম্বর,
বিকেলের কফি মগে উঠেছে গ্র্যান্ড ক্যানিয়ন কি
ম্যাডিট্যারিয়ান কি আরো কতো দেশের ভ্রমণ কাহিনী;
কিন্তু একটা নির্ভার দিন:
হাট থেকে আধা থলে বাজার নিয়ে ঘর ফেরতা
গৃহস্থের মলিন মুখের মতন সাধারণ,
স্নানঘরে, ভাটিয়ালি কি ভাওয়াইয়া, গুণগুণ করা শেষে
একটা পুরনো টাওয়েলের মোলায়েম পরশে নিজেকে জড়িয়ে
নেয়ার মতন নির্ভার দিন তার আসে না।
সেই বেদনায়, কেউ না জানুক, প্রতিটি বিকেল তার কফিমগে
গ্র্যান্ড ক্যানিয়নের উপরে ছড়িয়ে থাকা রোদের মধ্যে
রোদন হয়ে যায়।
১৯.০৩.১৭
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



