ক্যাম্পের দিনগুলোতে ভর শীতে--
তাঁবুর ছাদ চুঁইয়ে টুপটাপ শিশির ঝরেছে সারারাত;
কুয়াশা পতনেও যে তৈরি হয় সঙ্গীত
আমরা তা পেয়েছি টের নির্জনতায়;
ঘুঘুর ডাকের সাথে মিশে
মরে যাবার আগে
একেকটি দুপুর
লকেটের মতন
আমরা আটকে নিয়েছি বুকে;
আমাদের বুক ঝিনুকের খোল
দিনলিপির পাতায় পরে থাকে খোলা;
তবু, বুকের মধ্যে জেগে থাকে ক্যাম্পের দিন--
আমরা পাই টের, পরমের কাছে যেতে হলে
প্রত্যাশা ব্যাতিরেকে এ হৃদয়
কুয়াশার পথে মসলিনের মতন মিহি করে পেতে দিতে হয়।
০৯.০১.১৮
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



