এমন একটা সময় ছিল, কোন কারন ছাড়াই উল্টা পাল্টা লিখতে থাকতাম। কোন কিছু ভেবে নয়, লেখার আনন্দে লেখা। অবশ্য আমার হস্তলিখন এতটাই নিম্নমানের ছিল যে ভবিষ্যতের জন্যে সংরক্ষণ করা বৃথা হত। আমি নিজেই কষ্টে পরতাম পাঠোদ্ধারে।ছোট বেলায় লেখার খাতা গুলো ভরে ফেলতাম ছবি এঁকে। খুব একটা নগন্য সেগুলো ছিলনা বোধ করি। আব্বুর বিরক্তি ভরা বিষেদগার সে সাক্ষ্যই দেয়; “ তালগাছ আকার সময় তো সোজাই আকো, ‘ক’ লেখার সময় বাইকা যায় ক্যান??” মাঝে মাঝে আমার নিজের কাছেই অবাক লাগত, তাইত, ‘ক’ লেখার সময় ডাণ্ডিটা সোজা নামতেই চায়না।আমার হিজিবিজি লেখা গুলোকে তাই আবর্জনার স্তুপ ছাড়া আর কিছু মনে করার কারন ছিলনা। সেগুলোকে প্রায়ই পাওয়া যেত আম্মুর চুলো ধরানোর কাগজ হিসেবে। অথবা সের দরে বিক্রি হয়ে চলে যেত ঠোঙ্গা ওয়ালার কাছে।এই নিয়ে আমার খুব একটা আক্ষেপ হয়নি কখনও। আমার ওই জটিল হস্তরেখা আগুনে পুরে শুদ্ধ হত, অথবা ছড়িয়ে পড়তও ঠোঙ্গার আকারে জনসমুদ্রে। হয়ত কোনও এক মুগ্ধ পাঠক সেই ঠোঙ্গা সাহিত্যের সন্ধান পেয়েও থাকতে পারে। অধ্যবসায়ে কি না হয়, আমার এই অতি অখাদ্যের একজন পাঠক জুটেই গেল। আমিও প্রতিনিয়ত প্রসব করে চললাম আমার “রোমান হরফে” বাংলা লেখা।আমার গুণমুগ্ধ পাঠক প্রতিনিয়ত সেই দুর্বোধ্য লেখার পাঠোদ্ধার করে আমকে প্রতিউত্তর দিতে লাগল।তার হাতের লেখা পড়বার আগে কিছুক্ষন তাকিয়ে দেখতে হয়; কিছুক্ষন দীর্ঘশ্বাস ফেলতে হয়। লেখাকে যদি ছবির সাথে তুলনা করা যেত, তাহলে হয়ত আমার এই পাঠকটির লেখা ফ্রেমে বাঁধিয়ে টাঙ্গানো থাকত ঘরের দেয়ালে।নিজের কাছেই লজ্জা লাগত, ওর লেখা দেখে আমার লেখার অক্ষরগুলোকে ঝালিয়ে নেবার প্রয়াসে কত নির্ঘুম রাত কেটেছে। খুব একটা ফল হয়নি, সে গুন আমার অধরাই রয়ে গেল। আমার কাছে মনে হল ব্যপারটা আসলে জিন গত কিছু। জেনেটিক মডিফিকেশনের এই স্বর্ণ যুগে হাতের লেখাকে অসুন্দর করবার জন্যে দায়ী জিনটাকে কেও একজন সনাক্ত করতে পারবেন বলে মনে হয়।হয়ত সেটাকে ঠিক করার উপায়ও বের করে ফেলতে পারেন কোন এক পাগল বিজ্ঞানী। কিন্তু আমার পরবর্তী প্রজন্মও কি এই একি অভিশাপ বয়ে বেড়াবে!বংশপরম্পরায় আমার এই ‘অসুন্দর হস্ত লিখনী’ জিন যদি টিকে যায় যুদ্ধে। অবশ্য টিকে না থাকার কিঞ্চিত আশা এখনও রয়েছে। সেই গুণমুগ্ধ পাঠকটি বর্তমানে আমার সহধর্মিণী। ন্যাচারাল সিলেকশনে আমার জিনটির পরাজয় ঘটেছে কিনা জানা যাবে খুব শিঘ্রই। আমার বড় মেয়ে প্রবেশ করছে যুদ্ধের ময়দানে; খাতা কলম আর পেনসিল হাতে। এখন সময় অপেক্ষার; সুন্দরের জয় হবে, না অসুন্দরের??
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




