আমার মাঝে মাঝে মনে হয়, বর্তমান এই পৃথিবীটা ভালো মানুষদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বিজ্ঞাপনের ভাষায়, "একটু চালাক না হলে হয়না"।
চারিদিকে সবাই এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে যেন। সব কিছুই "একটু ভালো থাকা"র অজুহাতে।
"একটু ঝামেলা" কমাতে "একটু উৎকোচ" প্রদান।
"চা পানি" খাবার অজুহাতে একটু দুর্নীতি!
অমুক ওটা "ম্যনেজ" করেছে; "একটু এদিক সেদিক" করে।
"ছোট্ট একটু মিথ্যে" বলে কাজটা করে ফেলে "অনেকটা স্মার্ট" হওয়া। "একটু সুপারিশে" অনেকটা সুবিধা পাওয়া।
অনেকটা সত্যের সাথে "একটু মিথ্যে" মিশিয়ে "অনেকটা ভালো" ব্যবাসা। সবই চলছে।
মাঝখানে ঝামেলায় আছে, "একটু সৎ" থেকে একটু ভালো থাকতে চাওয়া দলটা।
চারিদিক থেকে ছি ছি, এইযুগে এই "একটু সৎ" এর আদিখ্যেতা কেন? সবই তো হয় একটু এদিক সেদিক করে, এটুকু মানিয়ে না চলতে পারলে হয় কি করে? আধুনিক ছেলের সংজ্ঞায় ৯৯% ভালো হলেই তো হয়; কেউ তো আর কষ্টিপাথরে ঘষতে যাচ্ছে না তোমাকে। "বড় দুর্নীতি" থেকে বেঁচে তো আছি; শেয়ার বাজারে টুকটাক ধরা তো খেয়েছি; বাজারে গিয়ে মুখ থুবড়ে পড়া আমার মানিব্যগের কাহিনী, থাক সে আর নাই বলি। কোন প্রতিবাদ তো করিনি। দিনশেষে আত্মপ্রসাদে ভুগেছি, আমিতো "ওদের" মত খারাপ নই!
এ যেন সেই অদ্ভুত আঁধার; যার কথা কবি বলে গিয়েছিলেন। একটা অন্ধকার সুড়ঙ্গে পথ চলছি আমরা; মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মত একটু আলো এসে একটু পথ আলোকিত করছে, সেটুকু হেঁটেই আবার থমকে দাড়াই। অপেক্ষায় থাকি কেও একজন জ্বেলে দিক বাতি; আমি অন্ধকারেই সন্তুষ্ট।
আমার দুটি সন্তান আমার সামনে বেড়ে উঠছে খুব দ্রুত। আমি চাইনা ওরাও এই অন্ধকার সুড়ঙ্গে হাটুক। আমি চাই ওরা আলোকিত মানুষ হোক; আমি চাই ওরা আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলুক; "ছি বাবা, তুমি এত খারাপ কেন; আমরা তোমার পথে চলতে চাইনা; আমরা "একটু ভাল" থাকতে চাই না"
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




