স্কুল পরিচালিত কোচিংয়ে ভর্তি না হওয়ায় ছাত্র পেটানোর ঘটনায় অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ।
শিক্ষার্থী ও অভিভাবকরা শনিবার সকালে অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করার পর পরিচালনা পর্ষদের সভাপতি কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বাধ্যতামূলক ছুটির এই নির্দেশ দেন।
বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে প্রধান করে তিন সদ্যসের একটি তদন্ত কমিটিও গঠন করেছে পরিচালনা পর্ষদ।
গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ওই স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণীর ১০ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে অধ্যক্ষ আবু দারদা মো. বিল্লাহর বিরুদ্ধে।
শিক্ষাথী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল পরিচালিত কোচিংয়ে ভর্তি না হওয়ার কারণেই অধ্যক্ষ ওই ঘটনা ঘটান।
এএসপি সুভাষ চন্দ্র সাহা বলেন, “অধ্যক্ষকে বাধ্যতামূলক ছুটি দিয়ে সিনিয়র সহকারী প্রভাষক লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।”
এছাড়া কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলের সার্বিক পরিস্থিতি তদন্ত করে খুলনা বিভাগীয় উপ পরিচালক ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তীকে নির্দেশ দিয়েছে বলেও জানান এএসপি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

