সন্ধ্যার দামাল হাওয়ারা
দল বেধে, প্রবল হয়ে উঠছে রাত্রে;
গাছের শুকনো পাতা, পড়ে থাকা
অযত্নের কাগজ, ধূলিবালি উড়ছে; নিরুদ্দেশ।
পাখির নিস্তব্ধতায় গাঁথা কালো অন্ধকার;
একটাও জোনাকী নামেনি আজ বুনোঝাড়ে।
হঠাৎ দু'একটা হাওয়ার দমকা এসে
জানালায় জানাচ্ছে করাঘাত; আমি
তাকিয়ে, তাকিয়ে ... হঠাৎ দেখি
চোখ থেকে উড়ে যাচ্ছে আমার ঘুম;
দূর সীমানা পেরুয়ে ... পুরানো বৈশাখীর
কালো মেঘের বাড়ীতে; উঠোনজুড়ে
শৈশবি হৈচৈ আর পাতার বাশিঁর ভিতর
ডেকে উঠলো সার্কাসের হাতী।
ভিতর থেকে আমার কৈশোর খুলে
ভেসে যাচ্ছে ছোট ছোট নদীর ঢেউয়ে;
আমি সামলে নিতে নিতে অবাধ পালকে
লিখে রাখছি দুঃখের নাম-ধাম।
হাওয়ার চাদরে মৃদ দোল খায় তোমার নাম
আমার নিঃসঙ্গতার ছায়ার মতো তোমার কালো চুল
বুনোঝাউ শাখে; অসংখ্য কুঁচি কুঁচি; বহু পথ-উপপথ;
স্বপ্ন বুনে বুনে নিঃস্বতার ফসল কুঁড়াই আমার মনে আর
কফিকাপে তোমার বিশুদ্ধহাসি; র্নিঘুম আরেকটি রাত।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


