আমার নামের পাশে লিখে দিও
যা-ইচ্ছে-তাই; স্বপ্নবোঝাই রাতের
গল্পগুলোকে নিয়ে বৃক্ষের হরিৎপাতায়
বুনে, রোদ্দুরকে বলো পোঁড়াও;
শ্রাবণকে বলো, যেন সে না নেভায় আগুন
দাউ-দাউ মিছিলে জ্বলব অনন্তকাল।
আমার ছায়ার নাম দিও দুর্ভিক্ষ; দরজার
কপাটকে শিখিয়ে দিও আবার
আদি খনিজের গুনাগুন।
কোনো মতে নিও না কেউ আমাকে;
যদি চাও; রেখে এসো মমিদের পাহারায়
ধাতব জীবনের সাথে মৃত্তিকার বসাবস
ভিন্ন রসায়ন; অভিন্নতায় গড়েনা যাপন।
দু'চোখে পাহাড় দিও চাপা, আঙ্গুলে
বেঁধে দিও জুমচাষার শক্তবলদের খুর;
সবকিছু মাথাপেতে মেনে নেবো, নিশ্চুপে;
শুধু একবার যদি বলো; ভালোবাসো।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


