সারাদিন স্বপ্নে থাকি, অপেক্ষার গলাগলি করে
একাজ ওকাজের ফাঁকে উঁকি দিয়ে সন্ধ্যা খুঁজি
নীলাকাশের নীচে একটা অবিচ্ছন্ন অন্ধকার;
তুমি না হয় রাত্রি বলো তাকে। সে আমার
শৈশবের মতো নিজস্ব কেউ, একান্ত নিশ্চুপে
বসে থাকা সারসের দীর্ঘগ্রীবা অথবা নৈঃশব্দে
গড়ে ওঠা ঝরাপাতার স্তূপ; একটা বিচ্ছন্নতা রেখায়
আঁকা একান্ত কেউ। সারাদেহে বেড়ে ওঠা
ক্লান্তির মৃণাল খুলে পৃথিবী ঘুমায় সেই অন্ধকারে।
দু'চোখে আমার স্বপ্নের ঝিঁঝিঁরা তখন
ভাবন্তের ডানা মেলে ভাসায় তেপান্তরে;
আত্মায় জেগে ওঠে হননের চোখ। যেদিকে
তাকাই; পাপের পালকে ভাসে উদাস পৃথুল;
মৃতরথে টেনে আনে পুরানো অলি-গলি-পথ।
র্নিঘুম চোখের ভিতর সোনালী রোদ্দুর ডাকে
ভোরের কূজন; মানবিক স্বচ্ছসকাল; আমার স্বপ্নবীজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



