বহুদিন পর এই রেলপথে, অপেক্ষাঘরে বসে
দু'জনে মুখোমুখি। একটাই প্লাটফর্ম; বহুপথের সমাহার।
এঘরের অনেকের ভিতর আমরা দু'জনে চোখেচোখে
বুনে চলেছি নৈঃশব্দের গল্প। বহুদিনের পুরানো পাতায়
যে পরিচয় লিখে, বন্ধ করে কেবল জিলদ ধরে
বসেছিলাম স্মৃতির চাবি হাতে; আজ তাতেই উম্মোচন।
চোখ পড়তেই; তোমার আড়চোখ সরে গিয়ে জানালায়
উদাস আকাশ দেখে আবার এই তৃষ্ণার্ত চোখের দিকে
ফিরলেই, আমার আড়চোখ সরে, গিলে খায় সবুজবৃক্ষাদি।
দু'জনেই মুখোমুখি; অপেক্ষার কামরায়। গন্তব্যও ভিন্ন
শুধু অভিন্নসূতো টেনে আনে এ পোড়াদাহ; কুঁচিকুঁচি
কালের কাঁচে তোমার মায়ামুখ বিষণ্ণনদীর খরতায়
আমি নিশ্চুপে অনলঢেউয়ে ভাসি তেপান্তরে।
আমাদের কথা নেই, পাপ নেই, কেবল পিপাসা
তোমার দু'চোখ জলে ছলছল, চিবুকে অসংখ্য
অপ্রাণ বর্ণমালা; আমার স্থবিরচোখ কাঁটে হীরকছুরি।
ট্রেন এলে, তুমি নিশ্চয়ই দৌড়ে যাবে রুদ্ধশ্বাসে;
এ দু'চোখ খুঁজে খুঁজে, হারাবে; অতীতের মানচিত্রে।
আমার ট্রেন দুপুর দুটোয়; অপেক্ষার আরো কিছুকাল
অতীতের দিকে তাকাতে তাকাতে সেই পিছনফেরা।
অপেক্ষা মানেই তুমিহীন
অনন্তকাল একটা সাঁকোর ভগ্নাংশে দাঁড়িয়ে এপার-ওপার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



