মিনতী
সুখ থাকলে; সুখী হও, সখী
আঁচলে রেখো ঘরের চাবি, কোমরে বেঁধো বিছাহার
পরনে থাকুক দামীশাড়ি, নক্সী আঁকা পাড়।
বাতাস এলে, উড়িয়ে দিও
পুঁতির মালা, বৌচিহাটের কাঁচের চূড়ি
হলুদ ফিতে, ময়ূরপাখির পালক ছিঁড়ে
বইয়ের ভাঁজের গোপন গোলাপ
যা-ইচ্ছে-তাই, পুরানো কিছু;
ওসব রেখে, দুঃখ বাড়ে; ক্লান্তি আনে।
বৃষ্টি এলে, একলা কেঁদো
দু'চোখ ভরে শ্রাবণ রেখো ধরে
জলের টানে ঘর ছেড়ো না আর;
আমি এখন দূরের পরোবাসী।
প্রশ্ন
ওসব কেনো প্রশ্ন করো আর
কোথায় আছি, কেমন আছি
কেবা তোমার পর।
আসল-নকল সব চিনেছো, বেশ;
এসব দিয়ে যায় কী ঢাকা আর;
তোমার ঘরে আলোর উঁকিঝুঁকি
আমার সাথে ছুঁ-মন্ত্রের ফাঁকি।
কামনা
যতক্ষণ পাখি দেখি
চোখের ভাঁজে ক্ষুধার অংক কষি
ভগ্নাংশ মিলানোর অভিলাষ
ভীষণ তাড়িয়ে আনে; ক্লান্তির ভাঁজে
উৎসুক চোখের পলক পড়ে
পালকের প্রতিটি শব্দ।
যতক্ষণ দূরে থাকি
তোমার দু'চোখে আমি পাখি।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



