আমার জন্য রেখে দিও
এইসব শোকগাথা বর্ণমালা;
অনাথের নিঃস্ব হাসির হাহাকার
আলোপথে ঢেলে দিও অন্ধকার।
কয়েকটি হলুদ ফ্যাকাশে ফুলের
অকাল মৃত্যুর গল্পের দৃশ্য।
আমার জন্য রেখে দিও
কারখানার বন্ধতালার দরজা
উদ্বাস্তু মিছিলের শ্লোগান
কৃষ্ণকালো রাত্রি আর
মেঘলা মানুষের বিষণ্ণ বেদনা।
আমার জন্য রেখে দিও
অসংখ্য শিশুর স্বপ্ন, মেহনতী
মানুষের শ্রম, শ্রমিকের শ্রান্তিকাল
মায়ের কান্না; ছেঁড়া আঁচলে ঢাকা
এক উদ্বাস্তু শহর, ছন্নছাড়া বাড়ীঘর।
আমার জন্য রেখে দিও
অনুর্বর জমি, স্রোতহীন নদীর
জমাটবদ্ধ জলের মৃতমাছ
দুর্গদ্ধ নর্দমায় বেড়ে ওঠা
মশকের ভীড়।
আমার জন্য রেখে দিও
আমার দেশ; বাংলাদেশ।
আমি গড়ে নিবো আমাদের
উপযোগী বসবাস; রাখালী
বাঁশির সুরে গ্রামান্ত পথের
ভাঁজে সবুজ অরণ্য, সুবর্ণ
মানুষের ভোর; বিরল পূণর্তা।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



