কানাডার ওয়াটার লু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পৃথুলা প্রসুন পানির ওপর ভাসমান বাড়ি তৈরি করে এখন বাংলাদেশের সংবাদ শিরোনামে।
ঢাকার মিরপুরে হাউজ অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে 'লিফট হাউজ' নামে বাঁশের তৈরি পানিতে ভাসমান বাড়ির পাইলট প্রকল্পের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরি ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। বাড়ির স্থপতিকে অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "পানির মধ্যে থেকে আমরা বিভিন্ন রকম ভাসমান বাড়ি তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের সিলেট অঞ্চলে বাঁশের ওপর পানিতে ভাসমান এক ধরনের বাড়ি তৈরি করা হয়।" লিফট হাউজের স্থপতি পৃথুলা প্রসুন জানান, বাঁশের তৈরি ভাসমান বাড়ি নির্মাণে খরচ পড়বে প্রায় দুই লাখ টাকা, যা এটি পরিবেশবান্ধবও। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আবাসন নির্মাণ খাতের মালিকদের উদ্দেশে বলেন, "শুধু উচ্চবিত্ত, মধ্যবিত্তদের জন্য নয়; আপনারা গরিবদের জন্যও এগিয়ে আসুন।" অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী হাতির ঝিল প্রকল্পে বিজিএমইএ ভবনের কথা তুলে ধরে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের এ সংগঠনের নেতাদের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, "হাতিরঝিলে বিজিএমইএ ভবন করে বসে আছে। এই বিজিএমইএ'র নেতারা দেশে জরুরি অবস্থার পর বড় বড় বক্তব্য দিয়েছে। "যে অপরাধ করে সেই আবার অন্য জায়গায় গিয়ে উপদেশ দেয়। এরা হচ্ছে শিক্ষিত ক্রিমিনাল।" "তবে সবাই না, যারা অপরাধ করে আবার অন্য জায়গায় গিয়ে উপদেশ দেয় তারা", যোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া। সরকারি জায়গা দখল করে বিজিএমইএ এর ভবন তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে বহুতল এ ভবনটি উচ্ছেদের কোনো উদ্যোগ সরকার কখনো নেয়নি। কৃষিমন্ত্রী বলেন, "ঢাকা শহরের ফাঁকা জায়গা ভরাট করতে করতে আমরা এমন জায়গায় গেছি, যে জলাবদ্ধতা আজ আতঙ্কের বিষয় হয়ে গেছে। হাতিরঝিল দখল হয়ে গিয়েছিলো, এটা উদ্ধার হচ্ছে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


