রাতের আঁধার তখন লাল আগুনের গ্রাসে
মর্নিংওয়াকের ব্যস্ততা সবুজ ঘাসে,
গাছকোমড় আঁচল জড়ানো দ্রুত পায়ে
তোমার ঘামঝরানো কপাল কাজের অলিন্দে থামে।
এক এক করে পেরিয়ে এসেছ সময়, সকালের বাতাস,
ফুটপাতে মায়ের বুকে দুমড়ে থাকা শিশুর ঘুম,
গরম চায়ের কাপে লেগে থাকা আড়ভাঙা আলস্য,
আর তোমার সারারাতের পরিশ্রমী নির্ঘুমতার সুখ।
সকালের সেই পথে আমিও বিছিয়ে রেখেছিলাম চোখ,
কানখাড়া করে সমস্ত ইন্দ্রিয় তোমারই প্রতীক্ষায়।
একলহমার জন্যও কি তোমার চোখে আমার মুখ?
বাসএর চাকা আমার স্বপ্ন যখন পিষল নির্দ্বিধায় ?
সারাদুপুর ধুন্ধুমার লড়াই হল, অস্ত্র শান দিল সবাই,
টিভির মত কমার্শিয়াল ব্রেকের মাঝেও যুদ্ধ চলল অগনন।
ঘামের রক্তগঙ্গা বইল, সৈন্যরা সব সূর্যাস্তের আশায়,
যন্ত্রণা ঢেকে রেখে ব্যস্ততার খামে, স্রোতের বিরুদ্ধেও তুমি অবিচল।
সেই মুহূর্তেও সেকেন্ডের প্রতিটি ভগ্নাংশের মত
অশরীরী উপস্থিতিতে তোমার রথের পাশে দাঁড়িয়ে
তরবারির ধার পরীক্ষায় আমিও রক্তস্নাত, লতপত,
শুধু তোমার কয়েক ফোঁটা কোমল আহ্বান অন্বেষণে।
পদ্মপাতায় জলের মত গড়িয়ে নামল সন্ধ্যার আঁধার,
তোমার মুখে নিয়নবাতির আলো সীমাহীন ঘরফিরতি টানে,
অবসরে একলা পাওয়ার লোভ হাজার হ্যাজাক জ্বালায়,
আমার জন্য একটি মোমবাতিও কি তুলে রাখো নি তাকে?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



